সিরিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিরোধী সংগঠনগুলোর নতুন জোটকে (ন্যাশনাল কাউন্সিল) দেশটির জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে অবশেষে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার এ ঘোষণা দেন। ওবামার এই ঘোষণায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর পশ্চিমা চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।ন্যাশনাল কাউন্সিল নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে বলে প্রেসিডেন্ট ওবামা মন্তব্য করেন। যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক ও উপসাগরীয় দেশগুলো ন্যাশনাল কাউন্সিলকে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে। আল-কায়েদার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল-নুসরা ফ্রন্ট নামের একটি জঙ্গি সংগঠনকে ওবামা প্রশাসন নিষিদ্ধ করেছে। সংগঠনটি সিরিয়ায় গণবিক্ষোভের সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করা হয়। সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে জঙ্গি অংশটিকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফাবিয়া বলেন, বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য দেশটির বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের সময় এখনো আসেনি। ফ্রান্স এখন এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকবে এবং আগামী কয়েক মাসের ঘটনাবলি পর্যবেক্ষণ করবে। রাশিয়ার বিস্ময় প্রকাশ: সিরিয়ার ন্যাশনাল কাউন্সিলকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ গতকাল বুধবার বলেন, ন্যাশনাল কাউন্সিলের ‘সশস্ত্র বিজয়ের’ ওপর যুক্তরাষ্ট্র বাজি রাখার সিদ্ধান্ত নিয়েছে।সিরিয়ার গ্রামে বেসামরিক লোকজন নিহত: সিরিয়ার মধ্যাঞ্চলীয় আলাউইতের একটি গ্রামে সরকারি বাহিনীর হামলায় উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিক গতকাল নিহত হয়। হামা প্রদেশের পশ্চিমে সংঘটিত ওই হামলার কারণ জানা যায়নি। সরকারি বাহিনীর হামলায় সেখানকার একটি ভবন বিধ্বস্ত হয় বলে স্থানীয় লোকজন অভিযোগ করে। বিদ্রোহীদের দাবি, ওই হামলায় নিহতদের সংখ্যা প্রায় ৩০০ জন। সরকারি গণমাধ্যম এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে ইন্টারনেটে ওই হামলার একটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। মরক্কোয় বৈঠক: বাশার আল-আসাদের বিরোধিতাকারী দেশগুলোর জোট (ফ্রেন্ডস অব সিরিয়া) মরক্কোয় গতকাল বৈঠক করেছে। এতে সিরিয়ায় গত ২১ মাসব্যাপী সহিংসতা নিয়ে আলোচনা হয়। আসাদের সম্ভাব্য পতনের পর আসন্ন রাজনৈতিক পরিবর্তন ও মানবিক সাহায্য ব্যবস্থাপনা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারী ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংগঠনগুলোর দাবি, বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৪২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া পাঁচ লাখেরও বেশি মানুষ সিরিয়া ছেড়ে প্রতিবেশী দেশগুলোকে আশ্রয় নিয়েছে। এএফপি, রয়টার্স ও বিবিসি।