সিরিয়ার বিদ্রোহীদের ৫০ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহীদের ৫০ লাখ পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। যোগাযোগ ও চিকিৎসার সরঞ্জাম কিনতে এ সহায়তা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ কথা জানায়।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি বলেছেন, সিরিয়ার বিদ্রোহীদের বড় অংশ দেশটির সরকারের সঙ্গে তেহরানে আলোচনায় বসতে প্রস্তুত। সিরিয়ায় সহিংসতা বন্ধের উদ্যোগ তেহরানে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের পর ইরানের মন্ত্রী এ কথা জানান।আলজেরিয়ার কূটনীতিক লাখদার ব্রাহিমি জাতিসংঘ ও আরব লিগের সিরিয়াবিষয়ক দূত হিসেবে নিয়োগ পেতে পারেন। এর আগে সবার কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে ওই পদ ছেড়ে দেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।সিরিয়ার বিদ্রোহীদের ৫০ লাখ পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণাকে সিরিয়া পরিস্থিতির বিষয়ে যুক্তরাজ্যের নীতির পরিবর্তন বলে মনে করা হচ্ছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ আনুষ্ঠানিকভাবে বিদ্রোহীদের অর্থ সহায়তার ঘোষণা দেবেন। তবে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে।ইরানের উদ্যোগে দেশটির রাজধানী তেহরানের আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, জর্ডান, কিউবা, ইরাক, ভেনেজুয়েলাসহ ২৯টি দেশ অংশ নেয়। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সিরিয়ায় জাতীয় সংলাপের ভিত্তিতে বর্তমান পরিস্থিতির রাজনৈতিক সমাধানের প্রতি গুরুত্ব দেওয়া হয়। এতে বিদ্রোহীদের প্রতি সমর্থন কিংবা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরে যাওয়ার মতো কোনো কিছু উল্লেখ করা হয়নি। বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সালেহি বলেন, সিরিয়ার বিদ্রোহীদের একটি বড় অংশ কোনো শর্ত ছাড়াই তেহরানে আসাদ সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। তেহরান সম্মেলনে বিদ্রোহী বা সিরিয়া সরকারের প্রতিনিধিত্ব ছিল কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।এদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, সিরিয়ার জনগণকে হত্যায় আসাদ সরকারকে সমর্থন দিতেই ইরান তেহরানে ওই সম্মেলনের আয়োজন করে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন কার্নে বলেন, ইরান আসাদ সরকারকে হত্যায় সমর্থন দেওয়ার উদ্যোগ নিয়েছে। এর পক্ষে অনেক তথ্য-প্রমাণ রয়েছে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সুসান রাইস গত বৃহস্পতিবার বলেন, সিরিয়ায় রক্তপাত নিয়ে ইরান ‘দুরভিসন্ধি’ করছে, যা ওই অঞ্চলে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করবে।এদিকে সিরিয়ার দ্বিতীয় শহর আলেপ্পোয় গতকাল শুক্রবারও লড়াই অব্যাহত ছিল। আলেপ্পোর সালাউদ্দিন এলাকার নিয়ন্ত্রণ হারালেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের কমান্ডার হোসাম আবু মোহাম্মেদ জানান, তাঁদের শক্ত ঘাঁটি সালাউদ্দিন এলাকাসহ আলেপ্পোর সব জায়গায় লড়াই চলছে। কোনো এলাকার নিয়ন্ত্রণ তাঁরা পুরোপুরি ছেড়ে দেননি।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গতকাল সালাউদ্দিন, শাকুর ও হানানো এলাকায় সেনাবাহিনী ব্যাপক বোমা হামলা চালিয়েছে। মিগ-২১ যুদ্ধবিমান দিয়ে হানানো এলাকায় বোমা হামলা চালানো হয়। এই এলাকার বাসিন্দারা যুক্তরাষ্ট্র ও ফ্রান্সবিরোধী স্লোগান দিয়ে বলে, ‘আমাদের সহায়তা করতে কেউ আসছে না।’ একজন বাসিন্দা বলেন, ‘আমরা বিদ্রোহীদের পক্ষে, কিন্তু এখন যা কিছু ঘটছে তার জন্য বিদ্রোহীরাই দায়ী।’ এএফপি, বিবিসি।