সিরিয়ার বিরুদ্ধে অবরোধের প্রস্তুতি আরব লিগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যবেক্ষক দলকে সিরিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার ব্যাপারে আরব লিগের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করায় দামেস্কের বিরুদ্ধে অবরোধ আরোপের প্রস্তুতি নিতে শুরু করেছে এই জোট। অবরোধ আরোপের জন্য গতকাল শনিবার কায়রোয় মিলিত হয়েছেন আরব লিগের মন্ত্রীরা।পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিতে হবে, নতুবা অবরোধের মুখোমুখি হতে হবে—সিরিয়াকে এই হুঁশিয়ারি দিয়ে সময়সীমা বেঁধে দিয়েছিল আরব লিগ। কিন্তু শুক্রবারের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নিতে ব্যর্থ হয় সিরিয়া। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৫০০ সদস্যের পর্যবেক্ষক দল পাঠাতে চায় আরব লিগ। কিন্তু দামেস্ক ৪০ জনকে সিরিয়ায় প্রবেশের অনুমতি দিতে রাজি।এই পরিস্থিতিতে সিরিয়ার বিরুদ্ধে কী ধরনের অবরোধ আরোপ করা হবে, তা ঠিক করতে গতকাল কায়রোয় মিলিত হয়েছেন আরব লিগের মন্ত্রীরা।অর্থমন্ত্রীরা আলোচনার মাধ্যমে অবরোধের একটি প্যাকেজ প্রণয়ন করবেন। আজ রোববার সেই প্যাকেজ পররাষ্ট্রমন্ত্রীদের কাছে উত্থাপন করা হবে। প্যাকেজের মধ্যে সিরিয়াগামী সব ফ্লাইট স্থগিত ও সরকারি সম্পদ জব্দের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা হচ্ছে। এ ছাড়া সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের লেনদেনও বন্ধ করে দেওয়া হতে পারে।সিরিয়ার রপ্তানি পণ্যের অর্ধেকই যায় প্রতিবেশী আরব দেশগুলোতে। এ ছাড়া আরব দেশগুলো থেকে এক-চতুর্থাংশ আমদানিও করে থাকে দেশটি।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেন, আরব লিগের ব্যবস্থার সঙ্গে তাঁর সরকারের নেওয়া ব্যবস্থার সমন্বয় সাধনের জন্য তিনি রোববারের বৈঠকে উপস্থিত থাকতে পারেন। তিনি বলেন, আরব লিগের সময়সীমার প্রতি কর্ণপাত না করে সিরিয়া তার ‘সর্বশেষ সুযোগ’ হারিয়েছে। তবে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি বলেছেন, আসাদ সরকারের ওপর অবরোধ আরোপ করা ‘সম্ভব নয়’।সিরিয়ার বিক্ষোভ সশস্ত্র বিদ্রোহের দিকে গড়ানোর নতুন ইঙ্গিত পাওয়া গেছে। দলত্যাগী পাঁচ সেনাসদস্য বিবিসিকে বলেছেন, হোমসে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ায় তাঁরা পক্ষত্যাগ করার সিদ্ধান্ত নেন। সাংবাদিকেরা জানান, বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সমর্থকেরা লেবানন থেকে অস্ত্র আনছে।মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, গত শুক্রবার সহিংসতায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হোমস, দামেস্ক, দেইর এল-এজ্জর ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরায় এসব লোক মারা গেছে। এএফপি, রয়টার্স, বিবিসি।