সিরিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপের আহ্বান
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান নাভি পিল্লাই মানবতাবিরোধী অপরাধের দায়ে সিরিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত সোমবার নিরাপত্তা পরিষদে একান্ত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত দমন অভিযানে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।নিরাপত্তা পরিষদে নাভি পিল্লাই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর ওপর বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের ক্রমবর্ধমান হামলার খবর তুলে ধরেন। তবে সরকারি বাহিনীর হাতে অবরুদ্ধ হোমস শহরের ‘উদ্বেগজনক’ পরিস্থিতির বিষয়েও তিনি আলোকপাত করেন।১১ দিন আগে নাভি পিল্লাই বলেছিলেন, সিরিয়ায় সরকারি দমন অভিযানে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। তবে সোমবার তিনি বলেন, পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিন শতাধিক শিশু রয়েছে। এ ঘটনায় আসাদ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদকে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়েরের সুপারিশ করেন পিল্লাই। এদিকে মানবাধিকার সংস্থাগুলো বলেছে, গতকাল মঙ্গলবার সিরিয়ার ইদলিব প্রদেশে বাশারের অনুগত নিরাপত্তা বাহিনীর সদস্য ও মিলিশিয়ারা ১১ জনকে গুলি করে হত্যা করেছে। এএফপি ও রয়টার্স।