সিরিয়ার বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে জাতিসংঘের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং সিরিয়াবিষয়ক জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান যৌথভাবে সিরিয়ায় সংঘটিত গত শুক্রবারের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান। গত শনিবার এক বিবৃতিতে মুন ও আনান বলেন, ‘ঘটনাটি আতঙ্কজনক এবং নিষ্ঠুর অপরাধ। এর সঙ্গে সেনাদের বাছবিচারহীভাবে এবং অসামঞ্জপূর্ণ ব্যবহারের বিষয়টি জড়িত। সিরিয়া সরকার আন্তর্জাতিক আইন মেনে চলার এবং ভারী অস্ত্র ব্যবহার ও সহিংসতা পরিহারের অঙ্গীকার করলেও স্পষ্টতই তা লঙ্ঘন করেছে।’ জাতিসংঘের মহাসচিব ও আরব লিগের বিশেষ দূত বলেন, যারা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। সিরিয়ার হোমস প্রদেশের হুলা শহরে গত শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত সরকারি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ৯২ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ৩২ জনই শিশু, যাদের বয়স ১০ বছরের কম।তবে সিরীয় কর্তৃপক্ষ নৃশংস এই ঘটনার দায় নিতে নারাজ। তাদের দাবি, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশটির সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। বিপুলসংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির এই ঘটনাকে ‘পাশবিক’ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তাঁর সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করবে। প্রেসিডেন্ট আসাদ হত্যা এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে দেশ শাসন করছেন। এর অবসান ঘটাতে হবে।এক বিবৃতিতে হিলারি বলেন, ‘যারা এই পাশবিকতার সঙ্গে জড়িত, অবশ্যই তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে।যুক্তরাজ্য বলেছে, নৃশংস এই ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মিত্র দেশগুলোর সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা শুরু করেছে দেশটি। পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ এ সপ্তাহেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বসে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ফ্রান্স জানিয়েছে, নৃশংস এ ঘটনার প্রতিবাদ জানাতে শিগগিরই নিজ দেশে ‘ফ্রেন্ডস অব সিরিয়ার’ বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে তারা।ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন বলেন, সিরিয়ায় সহিংসতার অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একই সুরে কথা বলা প্রয়োজন। প্রেসিডেন্ট আসাদের প্রতি রক্তপাত বন্ধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি।সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড বলেন, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সিরিয়ার অনেকেই সহিংসতাকে ব্যবহার করছে। তারা আরও অস্থিতিশীল, আরও অনিশ্চয়তা সৃষ্টি করে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। এএফপি, বিবিসি।