সিরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ইইউ মন্ত্রীদের
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল সোমবার সিরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছেন। গতকাল সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা এই সিদ্ধান্ত নেন।বৈঠকে আলোচনা শুরুর পরপরই ইইউ ঘোষণা করে, সিরিয়ার সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বেশ কিছু যুক্তি রয়েছে।পরে বৈঠকে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা, প্রেসিডেন্ট বাসার আল-আসাদের ঘনিষ্ঠ সিরিয়ার সাত নাগরিকের সম্পদ জব্দ ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়। এ ছাড়া সংস্থাভুক্ত ২৭টি দেশে সিরিয়ার পণ্যবাহী কোনো যান প্রবেশ এবং দেশটি থেকে স্বর্ণসহ মূল্যবান কোনো ধাতু আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপে একমত হন মন্ত্রীরা। এরই মধ্যে ইইউ সিরিয়ার প্রায় দেড় শ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে।তবে সিরিয়ার কোনো যান ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে ঢুকতে দেওয়া না হলেও যাত্রীবাহী যানবাহন প্রবেশে কোনো বাধা নেই সংস্থাটির পক্ষ থেকে। এএফপি।