সিরিয়ার বিরোধী জোটের প্রতি হিলারির সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সরকারবিরোধী বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত নতুন জোটের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি আবারও ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এদিকে সরকার ও বিরোধীদের মধ্যে লড়াই অবিলম্বে বন্ধ করার জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন আহ্বান জানিয়েছেন।হিলারি ক্লিনটন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত বুধবার সাংবাদিকদের উদ্দেশে বলেন, সিরিয়ায় বিরোধীদের নতুন জোটকে যতটুকু সম্ভব সাহায্য করবে যুক্তরাষ্ট্র। ন্যাশনাল কোয়ালিশন নামের ওই নতুন জোটকে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে শিগগিরই এ সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।সিরিয়ার বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে মরক্কোয় আগামী বুধবার অনুষ্ঠিতব্য বৈঠকে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা দেশগুলোর মধ্যে ফ্রান্স সবার আগে ওই জোটকে স্বীকৃতি দিয়েছে।এদিকে সিরিয়ার সরকারি বাহিনী দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহীদের অবস্থানের ওপর গতকাল বৃহস্পতিবার আকস্মিক হামলা চালিয়েছে।রাজধানী দামেস্কের উপকণ্ঠ এলাকাসহ অন্যান্য স্থানের কর্তৃত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে সরকারি বাহিনী ওই অভিযান চালায় বলে মানবাধিকারবিষয়ক একটি সংস্থা জানিয়েছে।যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়াজুড়ে বুধবারের লড়াইয়ে ১০৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দামেস্কের দক্ষিণাঞ্চলীয় জাহরা এলাকায় গতকাল একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দামেস্কে রেডক্রিসেন্ট কেন্দ্রের সামনে গাড়িবোমা বিস্ফোরণে একজন নিহত হয়। বান কি মুনের আহ্বান: সিরিয়ায় সরকার ও বিরোধীদের মধ্যে লড়াই অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন বান কি মুন। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-সাবাহর সঙ্গে রাজধানী কুয়েত সিটিতে বুধবার অনুষ্ঠিত বৈঠকের পর তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সামরিক ব্যবস্থায় সিরিয়া-সংকটের কোনো সমাধান হবে না। সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ অবস্থা চলতে দেওয়া যায় না। রাজনৈতিক প্রক্রিয়ায় বিষয়টি সমাধান করা উচিত।৪০০ সেনা পাঠাতে প্রস্তুত জার্মানি: তুরস্ক-সিরিয়া সীমান্তে ন্যাটো বাহিনীর সঙ্গে যোগ দিতে ৪০০ সেনা পাঠানোর জন্য জার্মানি প্রস্তুত রয়েছে। দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বুধবার এ কথা জানানো হয়েছে। ন্যাটোর সদস্যরাষ্ট্র তুরস্কের সীমান্ত প্রতিরক্ষার উদ্দেশ্যে সেখানে সেনা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়াজুড়ে ২১ মাসব্যাপী সহিংসতায় এ পর্যন্ত ৪১ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক লোকজন। এএফপি।