সহিংসতাবিক্ষুব্ধ সিরিয়ায় রক্তপাত বন্ধের প্রচেষ্টা হিসেবে দেশটির বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু ও সেখানে একটি যৌথ শান্তিরক্ষা মিশন পাঠাতে জাতিসংঘকে আহ্বান জানানোর ব্যাপারে সম্মত হয়েছে আরব লিগ। মিসরের রাজধানী কায়রোয় গতকাল রোববার আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।জোটের বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সিরিয়ার সরকারবিরোধীদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করে তাদের প্রতি পূর্ণ রাজনৈতিক ও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দেবেন আরব কূটনীতিকেরা।’ সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কি না, তা তত্ত্বাবধান করতে জাতিসংঘ ও আরব লিগের সমন্বয়ে একটি যৌথ শান্তিরক্ষী মিশন প্রতিষ্ঠায় কূটনীতিকেরা নিরাপত্তা পরিষদকে সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানাবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।কায়রোতে গতকাল ২২ সদস্যের আরব লিগের মন্ত্রীরা এক দীর্ঘ আলোচনা শেষে জোটের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ঘোষণায় আরও বলা হয়, সিরিয়ায় সংস্থাটির পর্যবেক্ষক দলের কার্যক্রমের আনুষ্ঠানিক ইতি টানা হয়েছে। দেশটিতে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত মাসে এ দলের মিশন স্থগিত করা হয়।এদিকে, মানবাধিকারকর্মীরা জানান, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী হোমস শহরে তাদের অভিযান অব্যাহত রেখেছে। গতকালও এ বাহিনীর হামলায় ১৪ জন নিহত হয়েছে। এএফপি।