সিরিয়ার রাসায়নিক অস্ত্র তৈরিতে ব্যবহূত বিষাক্ত উপাদানগুলো ধ্বংসের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ওই উপাদানগুলো জাহাজে তোলার জন্য গত শুক্রবার পর্যন্ত বন্দরে পৌঁছানো হয়নি।
সিরিয়ার বিপজ্জনক রাসায়নিক উপাদানগুলো ধ্বংসের উদ্দেশে দেশটি থেকে তা সরিয়ে নেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর। আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতৈক্যে ওই সময়সীমা ধার্য করা হয়েছিল।
রুশ সংবাদ সংস্থা আরআইএ গত শুক্রবার রাশিয়ার কূটনীতিক মিখাইল উলানোভের বরাত দিয়ে জানায়, রাসায়নিক উপাদানগুলো শুক্রবার পর্যন্ত লাতাকিয়া বন্দরে পৌঁছেনি। ওই বন্দর থেকেই সেগুলো অন্য দেশে নেওয়ার উদ্দেশে জাহাজে তোলার কথা ছিল। সিরিয়ার রাসায়নিক অস্ত্র সরিয়ে নিতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে একটি বৈঠকে অংশ নেওয়ার পর কূটনীতিক উলানোভ বলেন, ‘সিরিয়ার রাসায়নিক উপাদান সরিয়ে নেওয়ার কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরস্ত্রীকরণ বিভাগের দায়িত্বে থাকা উলানোভ বলেন, সিরিয়া থেকে রাসায়নিক উপাদান সরিয়ে নেওয়ার কাজ এখনো বেশ ঝুঁকিপূর্ণ। যুদ্ধের কারণে রাজধানী দামেস্ক থেকে লাতাকিয়া বন্দরে যাওয়ার পথে বেশ কিছু স্থান বিপজ্জনক। তবে উলানোভ জানান, সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে নিয়োজিত সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডব্লিউ) কয়েকটি দেশ মিলে ‘প্রধান বিষয়গুলো’ নিয়ে সমঝোতায় পৌঁছেছে। ওই সমঝোতায় রাসায়নিক উপাদানগুলো সিরিয়া থেকে বের করে আনার পরিকল্পনা রয়েছে। তবে রুশ এ কূটনীতিক ওই পরিকল্পনার বিস্তারিত উল্লেখ করেননি।
ওপিসিডব্লিউর মহাপরিচালক আহমেত উজুমচু ৩১ ডিসেম্বরের সময়সীমা নিয়ে গত মাসেই সংশয় প্রকাশ করেছিলেন।
প্রায় তিন বছর ধরে সহিংসতাকবলিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম প্রধান মিত্র রাশিয়া। সিরিয়ার বিপজ্জনক রাসায়নিক উপাদানগুলো লাতাকিয়া বন্দরে নেওয়ার জন্য গত মাসে ৭৫টি সাঁজোয়া যান ও ট্রাক সে দেশে পাঠায় মস্কো। দামেস্ক থেকে লাতাকিয়া বন্দরে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ সড়ক চলতি মাসের শুরুর দিকে নিয়ন্ত্রণেও নেয় সরকারি বাহিনী। তার পরও রুশ কূটনীতিক উলানোভ বলেছেন, দামেস্ক থেকে লাতাকিয়া পৌঁছার পথ এখনো অনেক ঝুঁকিপূর্ণ।
গত বুধবার উলানোভ জানিয়েছিলেন, লাতাকিয়া বন্দরে ডেনমার্ক ও নরওয়ের জাহাজে রাসায়নিক উপাদানের কনটেইনার তোলার পর তা আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করা পর্যন্ত এর নিরাপত্তায় থাকবে রাশিয়া ও চীনের যুদ্ধজাহাজ।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে ২০১১ সালে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা সংঘাতে রূপ নেয়। শিয়া সম্প্রদায়ের বাশারের বিরোধী বিদ্রোহীরা মূলত সুন্নি। এই গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে সম্প্রতি রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। এরপর মার্কিন সামরিক হামলার হুমকির মুখে নিজের রাসায়নিক অস্ত্র ভান্ডার ধ্বংসে রাজি হয় সিরিয়ার সরকার। গত সেপ্টেম্বরে এ বিষয়ে একটি কর্মপরিকল্পনার ব্যাপারে মতৈক্যে পৌঁছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রয়টার্স।