সিরিয়ার বিষয়ে ভোট কাল: ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ছবি: এএফপি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ছবি: এএফপি

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালানোর বিষয়ে কাল বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে এক দিনের বিতর্ক ও ভোটাভুটি আহ্বান করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, হাউস অব কমন্সে ওই বিতর্ক ও ভোটাভুটি অনুমোদন করতে মন্ত্রিসভাকে বলবেন ক্যামেরন।
ক্যামেরনের ভাষ্য, সিরিয়ায় বিমান হামলা চালানোর বিষয়ে পার্লামেন্টে সমর্থন বাড়ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের জন্য আইএস একটি হুমকি। জাতীয় স্বার্থে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানো হবে সঠিক পদক্ষেপ।
বিষয়টির ওপর ভোট দেওয়ার ক্ষেত্রে দলীয় সাংসদদের স্বাধীনতা দেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তবে এ নিয়ে দুই দিনের বিতর্ক আয়োজন না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি।
বিষয়টির ওপর দুই দিনের বিতর্ক আয়োজন করার আহ্বান জানিয়েছিলেন করবিন।
জবাবে ক্যামেরন বলেছেন, এক দিনেই খুবই দীর্ঘ ও পূর্ণাঙ্গ বিতর্ক হবে।
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বোমা হামলা চালানোর অনুমোদন চেয়ে গত সপ্তাহে পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেন ক্যামেরন। প্রস্তাবের পক্ষে-বিপক্ষে দেশটির পার্লামেন্টে উত্তপ্ত বিতর্ক চলছে।

লেবার নেতা করবিন এই প্রস্তাবের বিরোধিতা করছেন। তবে তাঁর দলের প্রভাবশালী এমপিদের একটি অংশ সতর্ক করেছেন, করবিন যদি হামলার বিপক্ষে অবস্থান নিতে নিজের সিদ্ধান্ত দলের ওপর চাপিয়ে দেন, তবে তাঁর ছায়া মন্ত্রিসভার অনেকেই পদত্যাগ করবেন।

এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে ২০১৩ সালে সিরিয়ায় হামলা চালানোর বিষয়ে একটি প্রস্তাব তুলেছিলেন ক্যামেরন। বেশির ভাগ আইনপ্রণেতা (এমপি) বিপক্ষে অবস্থান নেওয়ায় প্রস্তাবটি নাকচ হয়ে যায়।

আরও পড়ুন...