সিরিয়ার ভূখণ্ডে আবার ইসরায়েলের বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় গতকাল রোববার আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে এই হামলা চালানো হয়। তিন দিনের মধ্যে সিরিয়ায় দ্বিতীয় দফা এই হামলা চালানো হলো।এদিকে সিরিয়া অভিযোগ করেছে, ইসরায়েল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।ইসরায়েলের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র লেবাননের কট্টরপন্থী সংগঠন হেজবুল্লাহর কাছে পাঠানোর কথা ছিল।’ তিনি জানান, গত শুক্রবারও সিরিয়ায় ইসরায়েলি হামলা চালানো হয়েছে। দামেস্কের উপকণ্ঠে ওই হামলা চালানো হয়। ইরানের ক্ষেপণাস্ত্র হেজবুল্লাহর হাতে যাওয়া ঠেকাতেই এই হামলা চালায় ইসরায়েল।ইসরায়েলের সূত্রটি জানায়, দামেস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের স্থাপনায় হামলা চালানো হয়েছে। গত জানুয়ারির শেষ দিকে ওই স্থাপনার অদূরেই বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল।সূত্রটি আরও জানায়, ওই হামলার জবাবে সিরিয়ার পক্ষ থেকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলি বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়। যদিও গতকাল পর্যন্ত সিরিয়ার পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা বা অভিযান চালানোর খবর পাওয়া যায়নি।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, রোববার দামেস্কের অদূরে ইস্টার্ন গৌতা এলাকায় জামরায়া সামরিক গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। এতে অভিযোগ করা হয়, সিরিয়ায় বিদ্রোহীদের পক্ষ নিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দুর্বল করার জন্যই এই হামলা চালানো হয়। ইতিমধ্যে বাশার বাহিনী কয়েকটি অঞ্চলে বিদ্রোহীদের দমন করে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে। ইসরায়েল বাশার সরকারের এই অর্জন ব্যর্থ করে দিতে চায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসরায়েলি হামলার মাত্রা এত বেশি ছিল যে থেমে থেমে আশপাশের এলাকা কেঁপে উঠছিল। স্থানীয় বাসিন্দা নাজা (৭২) বলেন, ‘মনে হচ্ছিল ভূমিকম্প শুরু হয়েছে। আকাশে আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। কয়েক ঘণ্টা ধরে মুহুর্মুহু বিস্ফোরণ ঘটে। এসব বিস্ফোরণ ছিল অবিশ্বাস্য রকম শক্তিশালী।’ আরেক বাসিন্দা বাসাম (৬০) জানান, ভোর তিনটার দিকে বিস্ফোরণ শুরু হয়। বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে তাঁদের বাড়ি কেঁপে উঠছিল। প্রেসিডেন্ট বাশারবিরোধী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ওই হামলায় হতাহতেরও ঘটনা ঘটে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। সংগঠনটি আরও জানায়, যে মাত্রার বিস্ফোরণ ঘটেছে, সেই মাত্রার বিস্ফোরণ ঘটানোর মতো ক্ষমতা সিরিয়ার বিদ্রোহীদের নেই। এএফপি।