সিরিয়ার ভেতরে কার্যক্রম শুরু করবে এসএনসি
সিরিয়ার প্রধান নির্বাসিত বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) শিগগিরই দেশের ভেতরে প্রবেশ করবে। বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে কার্যক্রম শুরু এখন ‘সময়ের ব্যাপার’ মাত্র। গতকাল বুধবার এসএনসির পক্ষ থেকে এ কথা বলা হয়।এসএনসির মুখপাত্র জামাল আল-ওয়ার্দ এএফপিকে বলেন, ‘শিগগির আমরা সিরিয়ার অভ্যন্তরে, অনেক ভেতরে যাব। সেখানে এসএনসির কার্যক্রম শুরু করব।’ তিনি বলেন, এসএনসির নেতা আবদেল বাসেত সৈয়দ ও নির্বাহী কমিটির অন্য সদস্যরা নিয়মিতই সিরিয়ার ভেতরে যাবেন। তুরস্কের সীমান্তের কাছে আতমে গ্রামের ভেতর দিয়ে যাতায়াত করবেন তাঁরা। ইদলিব প্রদেশের ওই গ্রামটিতে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে। আবদেল বাসেত গত সোমবার তুরস্ক থেকে ওই গ্রামে প্রবেশ করেন। এ সময় ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) জ্যেষ্ঠ কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। তিনি বাব আল-হাওয়া এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এফএসএর প্রতি এসএনসির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি হাসপাতাল ঘুরে দেখেন। একটি কারাগারও পরিদর্শন করেন। ওই কারাগারে প্রেসিডেন্ট বাশার-আল আসাদের অনুগত বাহিনীর বেশ কিছু সেনাসদস্যকে বন্দী রাখা হয়েছে। হোমসে কামান দাগাল সেনারা: সেনানিয়ন্ত্রিত হোমস শহরে গতকাল সকাল থেকে কামানের গোলা ছোড়া হয়েছে। হামলা হয়েছে লেবানন সীমান্তবর্তী কুসাইর শহরেও। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি হিউম্যান রাইটস এ দাবি করেছে। মানবাধিকার সংগঠনটি বলেছে, শহর দুটিতে আসাদ অনুগত বাহিনী বেপরোয়া অভিযান চালিয়েছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সিরিয়া থেকে অন্তত ৪০০ জন পালিয়ে এসেছে।তুরস্কের হুমকি: সিরিয়ার গোলা আবার সীমান্ত পেরোলে এর জবাবে দেশটির বিরুদ্ধে আরও শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে তুরস্ক। গতকাল তুর্কি জেনারেল নেকদেত ওজেল এ হুমকি দেন। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি সরাসরি তাঁর বক্তব্য সম্প্রচার করে। নেকদেত বলেন, ‘আমরা জবাব দিয়েছি, তবে যদি তাঁরা হামলা অব্যাহত রাখে তা হলে আমরা আরও বেশি শক্তি প্রয়োগের মাধ্যমে এর কড়া জবাব দেব।’ আসাদের সমর্থনে চাভেজ: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ আবারও আসাদের পক্ষে তাঁর সমর্থন ব্যক্ত করেছেন। দেশটিতে চলা সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি। গত মঙ্গলবার চাভেজ বলেন, ‘আসাদের সরকার যদি বৈধ হয়, তা হলে কেন আমি এ সরকারকে সমর্থন করব না?’ আসাদবিরোধী যোদ্ধাদের সন্ত্রাসী বলে মন্তব্য করেন তিনি। এএফপি ও রয়টার্স।