সিরিয়ার সংঘাত অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে: আনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল শনিবার সকালে পর পর দুটি বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে। নিহত লোকদের অধিকাংশই বেসামরিক নাগরিক। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়ায়েল আল-হালাকি বলেন, দুটি বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছে ৯৭ জন।এদিকে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনান শুক্রবার নিরাপত্তা পরিষদকে জানান, সিরিয়ার পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করা না গেলে দেশটির চলমান সংঘাতের তীব্রতা মধ্যপ্রাচ্যের অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। সিরিয়া-সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করতে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।কফি আনান বলেন, তাঁর প্রস্তাব সম্পর্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে তিনি হতাশাজনক প্রতিক্রিয়া পেয়েছেন। তবে জাতিসংঘে পাঠানো এক চিঠিতে সিরীয় কর্তৃপক্ষ বলেছে, ‘সরকার তার নাগরিকদের রক্ষা করতে বদ্ধপরিকর। এ জন্য সন্ত্রাসীদের নিরস্ত্র করা হচ্ছে। সংকট সমাধানে শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করতে ধারাবাহিক প্রচেষ্টার পাশাপাশি বিশেষ দূত কফি আনানকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।’নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের দূত জানান, সিরিয়া পরিস্থিতি নিয়ে ওই অঞ্চলের দেশগুলো খুব উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, সিরিয়া পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করা না গেলে আশপাশের দেশসহ পুরো অঞ্চলেই এর প্রভাব পড়বে।এদিকে কফি আনানের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, আজ রোববার দামেস্কে পর্যবেক্ষকদের একটি দল পাঠাচ্ছেন কফি আনান। সংকট উত্তরণে ও চলমান সহিংসতা বন্ধে দলটি আসাদ সরকারের সঙ্গে আলোচনা করবে। এ ছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পর্যবেক্ষকেরা মানবাবিক সহায়তা পাঠানোর বিষয়ে আসাদ সরকারের সঙ্গে আলোচনার জন্য আজই দামেস্ক যাচ্ছেন।এদিকে গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানী দামেস্কের দাওয়ার আল-জামারেকে অবস্থিত অপরাধ পুলিশ বিভাগের প্রধান কার্যালয় এবং আল-কাসা জেলায় বিমানবাহিনীর গোয়েন্দা বিভাগের একটি দপ্তর লক্ষ্য করে কয়েক মিনিটের ব্যবধানে দুটি বোমা হামলা হয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশনের ভাষ্যকাররা এই বিস্ফোরণের জন্য সৌদি আরব ও কাতারকে দায়ী করেছেন। টিভিতে একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য প্রচার করা হয়েছে। তিনি বলেন, ‘সৌদি আরব আমাদের দেশে সন্ত্রাসী পাঠাচ্ছে।’রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িবোমার মাধ্যমেই হামলা দুটি হয়েছে। টিভির ফুটেজে দেখা গেছে, একটি ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণস্থলের আশপাশে মানুষের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পুলিশ কার্যালয়ের জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়েছে। ধ্বংস হয়েছে বেশ কিছু গাড়ি। রাস্তার বিভিন্ন অংশে রক্তের দাগ দেখা গেছে।দামেস্কের সরকারবিরোধী কর্মী আবু মুহাম্মদ আল-মাজি জানান, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে প্রথম বিস্ফোরণটি হয়। কয়েক মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। দ্বিতীয়টি প্রথমটির চেয়ে বেশি শক্তিশালী ছিল। এএফপি।