সিরিয়ার সংশোধনের প্রস্তাব আরব লিগের নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া সরকার দেশের অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণে ৫০০ জনের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা প্রস্তাব সংশোধনের অনুরোধ করেছে। তবে আরব লিগ সিরিয়ার ওই প্রস্তাব নাকচ করে দিয়েছে।সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিক্ষোভকারীদের দমনের বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। শত্রুরা অস্ত্র বহন করায় বিক্ষোভ দমনে অভিযান চালানো ছাড়া অন্য কোনো উপায় নেই। আরব লিগের মহাসচিব নাবিল এলারাবি সিরিয়া সরকারের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, ‘সিরিয়ার সরকার পরিকল্পনা সংশোধনের যে প্রস্তাব করেছে, তা কূটনৈতিক শিষ্টাচারের ওপর প্রভাব ফেলবে এবং পর্যবেক্ষক মিশনের বৈশিষ্ট্য পাল্টে দেবে।’ অন্যদিকে আরব লিগের নিষেধাজ্ঞা আরোপের হুমকি এবং পশ্চিমা বিশ্ব গৃহযুদ্ধের যে আশঙ্কা করছে, তা উড়িয়ে দিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম। তিনি বলেন, গৃহযুদ্ধের আশঙ্কা যাঁরা করছেন, এটা তাঁদের কাছে ‘অভিলাষ চিন্তাভাবনা’।তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বলেছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ‘একনায়কতন্ত্রের কোনো সুযোগ নেই’। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্প্রতি সতর্ক করে দিয়ে বলেছিলেন, সিরিয়া গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। তবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ আশঙ্কা নাকচ করে দিয়ে বলেন, ‘হিলারি ক্লিনটন যখন বলছেন, বিদ্রোহীরা অস্ত্রশস্ত্রের দিক দিয়ে শক্তিশালী অবস্থানে আছে, তখন এটা স্বপ্নচারিতা ছাড়া আর কিছুই নয়।’ এএফপি ও রয়টার্স।