সিরিয়ার সঙ্গে বিশেষ সম্পর্ক নেই: পুতিন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ থাকার কথা অস্বীকার করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। বিদ্রোহীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে দেশটির সরকারের প্রতি অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।প্রেসিডেন্ট বাশারের ব্যাপারে মস্কোর মনোভাব পরিবর্তনে রাশিয়ার ওপরে আন্তর্জাতিক চাপ বাড়ছে। আগামীকাল রোববার দেশের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গত বৃহস্পতিবার রাতে মস্কোয় নিজের বাসভবনে শীর্ষস্থানীয় বিদেশি সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন পুতিন।বৈঠকে পুতিন বলেন, ‘দুটি পক্ষের মধ্যে কোনো এক পক্ষকে সহায়তা করা আমাদের লক্ষ্য নয়—সিরীয় কর্তৃৃপক্ষকেও নয়, আবার সশস্ত্র বিদ্রোহীদেরও নয়; বরং সবাইকে পুনরায় এক করাই আমাদের লক্ষ্য। সিরিয়ার সঙ্গে আমাদের বিশেষ কোনো সম্পর্ক নেই।’ বৈঠকে পুতিনের করা মন্তব্য দেশের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।সম্পাদকদের সঙ্গে ওই বৈঠকে পুতিন আরও বলেন, ২০১৮ সালের পরও তিনি ক্ষমতায় থাকবেন কি না, সে বিষয়ে তিনি এখনো সিদ্ধান্ত নেননি।১৯৯৯ সালে পুতিনকে নিজের উত্তরসূরি করে যান রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন। এরপর ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে নির্বাচিত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। দেশের সংবিধান অনুযায়ী দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হওয়ার বিধান না থাকায় তিনি ক্রেমলিন ত্যাগ করে সে সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তবে সংবিধান সংশোধন করে এ নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে আরও দুই মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন পুতিন। একই সঙ্গে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে।জনমত জরিপ ও নির্বাচন নিয়ে বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী আগামী রোববারের নির্বাচনে পুতিনের জয়ের সম্ভাবনা জোরালো। নির্বাচিত হলে তিনি তৃতীয় মেয়াদে ২০১৮ সাল পর্যন্ত এ পদে থাকতে পারবেন।এত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা স্বাভাবিক কি না, সম্পাদকদের এমন প্রশ্নের জবাবে ৬০ বছর বয়সী পুতিন বলেন, ‘সবকিছু যদি ঠিকমতো চলে এবং জনগণ যদি পছন্দ করে, তবে তা স্বাভাবিক।’বৈঠকে পুতিন আরও বলেছেন, দেশে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হওয়ায় তিনি খুশি হয়েছেন। এএফপি।