সিরিয়ার সরকারবিরোধী প্রধান জোটের নেতা পদত্যাগ করছেন
সিরিয়ার সরকারবিরোধী প্রধান জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) প্রধান বুরহান ঘালিউন শিগগিরই তাঁর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। গত মঙ্গলবার এসএনসির প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন তিনি।এসএনসিভুক্ত অন্যতম একটি পক্ষ এই জোটের সঙ্গে মতৈক্য হচ্ছে না উল্লেখ করে জোট ছাড়তে চাইলে গত বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন ঘালিউন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি পদ আঁকড়ে ধরে থাকতে চাই না। জোটে বিভক্তি আনতে চাই না। আমি ঘোষণা দিচ্ছি, এসএনসির প্রধানের পদের জন্য নতুন কেউ নির্বাচিত হলেই পদত্যাগ করব। নির্বাচনের মাধ্যমে বা সর্বসম্মতিক্রমে এই পদের জন্য নতুন কাউকে ঠিক করা যেতে পারে।’ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলনের লক্ষ্যে গত বছর এসএনসি গঠিত হয়। আসাদবিরোধী বিভিন্ন পক্ষ এতে যোগ দেয়। কিন্তু এরই মধ্যে এই জোটের বিভিন্ন পক্ষের মধ্যে মতৈক্য দেখা দিয়েছে।বিভিন্ন পক্ষের অভিযোগ, ঘালিউন ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। তিনি মুসলিম ব্রাদারহুডের ঘনিষ্ঠ বলে পরিচিত ও সিরিয়ার ভেতরে এসএনসির পক্ষে যথেষ্ট জনসমর্থন সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন। ঘালিউন রাজনৈতিক ও সাংগঠনিকভাবেও ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে।কফি আনানের মুখপাত্র সিরিয়া যাচ্ছেনজাতিসংঘ ও আরব লিগের দূত কফি আনানের মুখপাত্র আহমাদ ফাউজি গতকাল শুক্রবার বলেছেন, আনানের একজন সহকারী সিরিয়া সফরের পরিকল্পনা করছেন। তবে তাঁর এ সফরের নির্দিষ্ট সময়সূচি গোপন রাখা হয়েছে।গণবিক্ষোভের মুখেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতা আঁকড়ে পড়ে থাকায় দেশটিতে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত ১৫ মাসে দেশটিতে ১০ হাজারের মতো লোক নিহত হয়েছে। এই অবস্থায় কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিকল্প নেই বলে মনে করছে বিশ্বশক্তিগুলো। এএফপি, রয়টার্স ও বিবিসি।