সিরিয়ার সহিংসতা বন্ধে মধ্যস্থতার আগ্রহ রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় চলমান রক্তক্ষয়ী সহিংসতা বন্ধে দেশটির সরকার ও বিদ্রোহীদের মধ্যে সরাসরি শান্তি আলোচনায় মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া ও মুসলিম দেশগুলোর জোট আরব লিগ। এরই মধ্যে তারা দুই পক্ষকে এই আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সহিংসতা কোথাও সমস্যার সমাধান বয়ে আনেনি। সংকট সমাধানের সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনার জন্য মিসরে সিরীয় বিদ্রোহীদের জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের (এসএনসি) দুই দিনের এক বৈঠক শুরুর আগে রাশিয়া ও আরব লিগ ওই মধ্যস্থতার আগ্রহ দেখাল।জাতিসংঘ বলেছে, আরব বসন্তের ধারাবাহিকতায় ২০১১ সালের মার্চে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে শুরু হওয়া গণ-অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দেশটিতে হানাহানিতে নিহত হয়েছে প্রায় ৭০ হাজার লোক।কায়রোয় বিবিসির সংবাদদাতা জিম ম্যুর বলেন, যদিও সিরিয়ার সরকার ও বিদ্রোহী উভয় পক্ষ শান্তি আলোচনা শুরু করা নিয়ে কথা বলছে, তথাপি এ বিষয়ে আশা খুব ক্ষীণ বলেই মনে হয়।মস্কোয় আরব লিগের কর্মকর্তা ও এই জোটভুক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, সিরিয়ায় সহিংসতা অবসানের একমাত্র পথ মধ্যস্থতার টেবিলে বসা। তিনি বলেন, সহিংসতা অবসানের পথ হিসেবে কোনো পক্ষই সামরিক ব্যবস্থা বেছে নিতে পারে না। পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ও আরব লিগের মহাসচিব নাবিল এলআরাবি বলেন, সহিংসতা থেকে বেরিয়ে আসার পথ হিসেবে তাঁরা একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছেন। বিবিসি ও দ্য হিন্দু।