সিরিয়ার সামরিক বাহিনী যুদ্ধাপরাধ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বুধবার সিরিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছে। ১২ এপ্রিল সিরিয়ায় জাতিসংঘ-সমর্থিত অস্ত্রবিরতি কার্যকর হওয়ার আগে সামরিক বাহিনী ইদলিব প্রদেশে এসব যুদ্ধাপরাধ করে। এদিকে জাতিসংঘ বলেছে, সিরিয়ায় সরকার ও বিরোধী—উভয় পক্ষই অস্ত্রবিরতির চুক্তি লঙ্ঘন করছে। নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ১২ এপ্রিল অস্ত্রবিরতি কার্যকর হওয়ার আগে সামরিক বাহিনী সশস্ত্র সহিংসতার মাধ্যমে মানুষ হত্যা করেছে বলে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। একই সঙ্গে বহু ঘরবাড়ি ধ্বংসেরও প্রমাণ পাওয়া গেছে। অস্ত্রবিরতি কার্যকরের আগে ইদলিব প্রদেশে দুই সপ্তাহে সিরিয়ার সেনারা অন্তত ৯৫ জন বেসামরিক লোক হত্যা করেছে। এ সময় শত শত ঘরবাড়িতে আগুন দেওয়া হয় বা ধ্বংস করা হয়। মঙ্গলবার শান্তিরক্ষী মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভ ল্যাডসাস বলেন, সিরিয়ার শহরগুলোতে সেনারা এখনো ভারী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে এবং ১২ এপ্রিল থেকে কার্যকর হওয়া অস্ত্রবিরতি সরকার ও বিদ্রোহী উভয় পক্ষই লঙ্ঘন করছে। তিনি বলেন, জাতিসংঘের সদস্যরা সিরিয়ায় ৩০০ জন উচ্চক্ষমতাসম্পন্ন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনায় শুধু ১৫০ জন সামরিক পর্যবেক্ষক পাঠানোর কথা বলেছেন। তবে সিরিয়ার সরকার তিনজন পর্যবেক্ষককে দেশে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসি তিনজন পর্যবেক্ষককে সিরিয়ায় প্রবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, সিরিয়ায় যেসব দেশের নাগরিকেরা পর্যবেক্ষণ করতে পারবেন, সে বিষয়ে সিরিয়া ও জাতিসংঘের সদস্যদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। জিহাদ মাকদিসি বলেন, ‘পর্যবেক্ষকদের জাতীয়তার বিষয়টি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ঠিক হবে মর্মে জাতিসংঘের সদস্য ও সিরিয়ার মধ্যে সমঝোতা হয়েছে। কাজেই পর্যবেক্ষকদের সিরিয়ায় ঢুকতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। এ ছাড়া ১১০ জনের বেশি পর্যবেক্ষকের জাতীয়তার বিষয়ে কোনো সমস্যা নেই এবং তাঁরা সহজেই সিরিয়ায় কাজ করতে পারবেন।’পর্যবেক্ষকেরা জানিয়েছেন, মঙ্গলবার সিরিয়াজুড়ে সহিংসতায় অন্তত ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক। এইচআরডব্লিউয়ের প্রকল্প ও জরুরিবিষয়ক সহকারী পরিচালক আনা নেইস্ট্যাট বলেন, ‘ইদলিব প্রদেশে নিরাপত্তা বাহিনী এক শহরের পর আরেক শহরে ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে যেন সিরিয়ার নিরাপত্তা বাহিনী প্রতিটি মিনিটেই ক্ষয়ক্ষতি সাধনের তত্পরতা চালাচ্ছে।লন্ডনভিত্তিক সিরিয়ার মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বুধবার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে বিদ্রোহী যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনীর কর্নেল পর্যায়ের দুজন কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া সংঘর্ষে দুই বিদ্রোহী যোদ্ধাও নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থাটি জানায়।বিশ্লেষকদের ধারণা, ক্রমাগত সহিংসতার কারণে সিরিয়ায় কার্যকর হওয়া জাতিসংঘ-সমর্থিত অস্ত্রবিরতির অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। এএফপি ও বিবিসি।