সিরিয়ার হামা শহরে ভয়াবহ বিস্ফোরণ নিহত ৭০
সহিংসতায় জর্জরিত সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হামার একটি বাড়িতে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭০ জন নিহত হয়েছে। গতকাল গণমাধ্যমের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।সিরীয় মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে বিবিসি বলেছে, হামার দক্ষিণাঞ্চলীয় মাশা আত-তাইয়ার জেলায় ওই বাড়িতে বিস্ফোরণের কারণে আশপাশের কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। হামা প্রেসিডেন্ট আসাদবিরোধী বিক্ষোভের অন্যতম প্রাণকেন্দ্র। মানবাধিকারকর্মীরা বিস্ফোরণে ৭০ জনের মতো নিহত হওয়ার কথা জানালেও দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বলেছে, এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও অপর ১২ জন আহত হয়েছে। সরকারি সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়, স্থানীয় একটি বাড়ির ভেতর ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা’ হামলার প্রস্তুতি নেওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর মানবাধিকারকর্মীরা ঘটনাস্থলের ধ্বংসস্তূপের ভিডিওচিত্র ইন্টারনেটে প্রকাশ করেন। সরকারবিরোধীরা দাবি করেছে, এ ঘটনার এক দিন আগে বুধবার রাজধানী দামেস্কের কাছে সরকারি বাহিনী একটি বাসে গুলি চালিয়ে চার বেসামরিক ব্যক্তিকে হত্যা করে এবং পরে বিদ্রোহীদের সঙ্গে তাদের লড়াই শুরু হয়। জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখিয়ে বিক্ষুব্ধ এলাকাগুলো থেকে শিবিরে সেনাসদস্যদের ফিরিয়ে নিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি আন্তর্জাতিক চাপ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার মধ্যেই নতুন করে এসব সহিংসতার ঘটনা ঘটল। জিনিউজ।