সিরিয়ার হামায় বিক্ষোভে গুলি, নিহত ৩৪
সিরিয়ার হামা শহরে গতকাল শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। বিক্ষোভকারীরা সেনা-বাহিনীর দমনাভিযান উপেক্ষা করে রাস্তায় নামলে এ ঘটনা ঘটে। মানবাধিকারকর্মীরা এ কথা জানান।সিরিয়ায় গত মধ্য মার্চ থেকে সরকারবিরোধী আন্দোলনে গতকালের বিক্ষোভটি ছিল সবচেয়ে বড়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর প্রায় ৫০ হাজার মানুষ হামা শহরের কেন্দ্রে সরকারবিরোধী বিক্ষোভে শামিল হয়। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের ওপর গুলি চালায়।লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান নিকোশিয়া থেকে টেলিফোনে জানান, হামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। হামা ছাড়াও পূর্বাঞ্চলীয় দির আল-জোর এবং দামেস্কর বারজেহ এলাকায়ও বিক্ষোভে গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংগঠনগুলো জানায়, গত তিন মাসে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা এক হাজার ১০০ ছাড়িয়ে গেছে। বিবিসি, এএফপি ও রয়টার্স।