সিরিয়ার হোমসে সরকারি বাহিনীর ‘নৃশংস হত্যাযজ্ঞ’
সিরিয়ার হোমস প্রদেশের হুলা শহরে সরকারি সেনারা ৯০ জনের বেশি বেসামরিক লোককে হত্যা করেছে। নিহত লোকজনের মধ্যে ২৫টি শিশুও আছে। মানবাধিকারকর্মীরা গতকাল শনিবার এ খবর দিয়েছেন। এ ঘটনাকে তাঁরা ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন। ওই হত্যাযজ্ঞের পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে বিরোধীরা। আর আসাদ বাহিনীর ওপর বিমান হামলা চালাতে ‘ফ্রেন্ডস অব সিরিয়া’র প্রতি আহ্বান জানিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)।এমন এক সময় ওই ‘নৃশংস হত্যাযজ্ঞের’ খবর এল, যখন সিরিয়ায় সহিংসতা বন্ধে আরব ও জাতিসংঘের পক্ষে মধ্যস্থতাকারী কফি আনান দামেস্কে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। মানবাধিকার গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানান, সরকারি সেনারা গত শুক্রবার হুলা শহরের উপকণ্ঠে গোলা নিক্ষেপ শুরু করে, যা মধ্যরাত পর্যন্ত অব্যাহত ছিল। তিনি বলেন, শহরের তালাদু এলকা থেকে পালিয়ে অনেকেই শহরটির কেন্দ্রস্থলে আশ্রয় নিয়েছে। স্থানীয় বাসিন্দারা আরও হামলার আশঙ্কা করছে।ইউটিউবে পোস্ট করা অপেশাদার হাতে তোলা ভিডিওতে দেখা যায়, মেঝেতে পড়ে আছে শিশুদের বীভৎস লাশ। লাশগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। অন্তত একটি শিশুর দেহ থেকে মাথা উড়ে গেছে।লন্ডনভিত্তিক মানবাধিকার গ্রুপটি আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে নিন্দা জানিয়ে তাদের সিরিয়া সরকারের এই ‘নৃশংস হত্যাকাণ্ডের’ সহযোগী হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে, সিরীয় সরকারের নৃশংস হত্যাযজ্ঞের মুখে আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চুপ রয়েছে। এদিকে হুলা শহরের ওই নৃশংস হত্যাকাণ্ডের পর সিরীয় সরকারের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি)।গতকাল সকালে এসএনসির মুখপাত্র বাসমা কোদমানি বলেন, হুলা শহরে সরকারি বাহিনীর হামলায় ১১০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অর্ধেকের বেশি শিশু। এদের মধ্যে কেউ কেউ ভারী কামানের গোলার আঘাতে নিহত হয়েছে। অন্যরাও নৃশংস হত্যাকাণ্ডের শিকার।এফএসএর সেনা পরিষদের প্রধান জেনারেল মুস্তাফা আহমেদ আল-শেখ হুলা এলাকায় আসাদ বাহিনীর ‘জঘন্য অপরাধের’ বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসাদের বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাইরে একটি সেনা জোট গঠন করতে ফ্রেন্ডস অব সিরিয়ার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছ থেকে গত শুক্রবার পাওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত গ্রুপগুলো কিছু শহরের ‘গুরুত্বপূর্ণ’ অংশ দখলে নিয়েছে এবং দেশব্যাপী ‘উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষতি’ সাধিত হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘সহিংসতা অব্যাহত থাকা, মানবিক পরিস্থিতির অবনতি, মানবাধিকার লঙ্ঘন ও অব্যাহতভাবে রাজনৈতিক সংঘাতসহ বাস্তব ময়দানে সংকট চলছেই।’ আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদে প্রতিবেদনটি নিয়ে আলোচনা হবে।আরব ও জাতিসংঘের শান্তিদূত কফি আনান সিরিয়ায় সহিংসতা বন্ধে সরকার ও বিরোধীদের মধ্যে ছয় দফার একটি পরিকল্পনা প্রণয়ন করেন। ওই পরিকল্পনার মধ্যে ছিল উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি, যা গত ১২ এপ্রিল থেকে কার্যকর হয়। অবশ্য প্রায় প্রতিদিনই ওই যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। কফি আনান সিরীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে ‘শিগগির’ দামেস্ক সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র আহমেদ ফাউজি। জেনেভায় কূটনীতিকেরা জানিয়েছেন, জাতিসংঘের সাবেক এই মহাসচিব আগামী সপ্তাহের শুরুতে দামেস্ক যাবেন।অবজারভেটরির হিসাবে সিরিয়ায় ২০১১ সালের মার্চে সরকারবিরোধী আন্দোলন শুরুর পর সহিংসতায় এ পর্যন্ত ১২ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আর কফি আনানের যুদ্ধবিরতি গত ১২ এপ্রিল কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে প্রায় এক হাজার ৫০০ জনের। এএফপি ও বিবিসি।