সিরিয়ার ‘তেলসমৃদ্ধ শহর’ ইসলামপন্থীদের দখলে
সিরিয়ার ইসলামপন্থী আল-নুসরা ফ্রন্ট দেশটির একটি তেলসমৃদ্ধ শহরের দখল নিয়েছে। বিদেশভিত্তিক আসাদবিরোধী সংগঠনগুলো এ খবর দিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায় যুদ্ধবিধ্বস্ত একটি ভবনে বন্দুকধারীরা উল্লাস করছে। সেটি তেলসমৃদ্ধ আল-শাদ্দাদা শহরের অংশ বলে মনে করা হচ্ছে।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শহরটি দখলের সময় সংঘর্ষে নুসরা ফ্রন্টের ৩০ যোদ্ধা, ১০০ জন সিরীয় সেনা এবং অনেক বেসামরিক লোক নিহত হয়েছেন। আল-শাদ্দাদা ছাড়াও চলতি সপ্তাহে অন্যান্য এলাকাতেও অগ্রসর হতে সক্ষম হয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী যোদ্ধারা। আল-শাদ্দাদা শহরটি সিরিয়ার হাসাকা প্রদেশের রাজধানী হাসাকা শহরের দক্ষিণের একটি শহর। সিরিয়ার বেশির ভাগ তেলই উৎপাদন হয় সেখানে। সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ভিডিওতে ভারী অস্ত্রে সজ্জিত যোদ্ধাদের ইসলামপন্থী বিভিন্ন স্লোগান দিতে এবং উল্লাস করতে দেখা যায়। তাঁরা প্রেসিডেন্ট আসাদের পোস্টার ছিঁড়ে টুকরো টুকরো করে পদদলিত করেন। এ ছাড়া সেখানে সামরিক পোশাক পরা এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।অবজারভেটরি জানিয়েছে, সংঘর্ষের সময় নুসরা ফ্রন্টের যেসব যোদ্ধা নিহত হন তাঁদের মধ্যে কুয়েত থেকে আসা পাঁচজনও রয়েছেন। এ ছাড়া রাষ্ট্রীয় ওই তেল কোম্পানিতে কর্মরত অনেক কর্মীও নিহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি মানবাধিকার সংগঠনটি। অন্যদিকে তেলসমৃদ্ধ ওই শহরটি নুসরা ফ্রন্টের যোদ্ধারা দখল করে নিয়েছেন বলে কাতারভিত্তিক সিরিয়ান হিউম্যান রাইটস নেটওয়ার্কও নিশ্চিত করেছে। এ ছাড়া সিরিয়ার প্রধান বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মির একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আল-নুসরা ফ্রন্ট আল-শাদ্দাদা শহরে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামরিক গোয়েন্দা ভবনগুলোর দখল নিয়েছে।তবে শহরটির ব্যাপারে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে কোনো খবর প্রকাশ করা হয়নি। বিবিসি।