সিরিয়ায় অন্তর্বর্তী ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন আনান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ শান্তির দূত কফি আনান। প্রস্তাবিত সরকারে উভয় পক্ষের প্রতিনিধি থাকবেন। পরিকল্পনাটি ‘সমর্থন’ করেছে রাশিয়া। তবে তা প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেসরকারবিরোধীরা। তারা বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পদত্যাগ না করলে তারা অন্তর্বর্তী সরকারে যোগ দেবে না।কূটনীতিকেরা জানান, সিরিয়ার বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ওই অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। সুইজারল্যান্ডের জেনেভায় আগামীকাল শনিবার এ সম্মেলন বসছে। সম্মেলনের আলোচ্যসূচি ও কারা অংশ নেবে তা নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ব্যাপক মতপার্থক্য ছিল। তবে শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সম্মেলনে বেশকিছু আঞ্চলিক সরকার যোগ দিলেও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরব থাকতে পারছে না। এমন একসময় এই কূটনৈতিক পদক্ষেপের দিকে এগোনো হলো, যখন সিরিয়ায় সহিংসতায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার এক দিনেই দেশটিতে নিহত হয়েছে ১৪৯ জন। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, প্রেসিডেন্ট আসাদের শাসনের বিরুদ্ধে চলমান ১৫ মাসের আন্দোলনের মধ্যে এটাই ‘সবচেয়ে রক্তাক্ত সপ্তাহ’।কফি আনানের নতুন প্রস্তাবের বিষয়ে একটি সারসংক্ষিপ্ত দিয়েছেন জাতিসংঘের একজন কূটনীতিক। তাতে বলা হয়েছে, প্রস্তাবিত অন্তর্বর্তী সরকারে এমন কাউকে রাখা হবে না, যার উপস্থিতি ক্ষমতার পালাবদলকে বাধাগ্রস্ত করতে পারে বা উভয় পক্ষের মধ্যে পুনর্মিলন প্রক্রিয়ার ভিত্তি দুর্বল করে দিতে পারে।আনানের নতুন পরিকল্পনার বিষয়টি নিয়ে কাল শনিবার জেনেভায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে আলোচনা করা হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীনের পাশাপাশি সিরিয়ার গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়াও একমত হয়েছে। জাতিসংঘের আরেক কূটনীতিক বলেন, আনানের পরিকল্পনার ভাষা ইঙ্গিত দেয়, প্রস্তাবিত সরকারে শুধু আসাদকেই বাদ দেওয়া হবে তা নয়; সরকারবিরোধীদের ভেতরের নির্দিষ্ট কিছু লোকেরও জায়গা হবে না ওই সরকারে। তিনি আরও বলেন, পরিকল্পনাটিতে রাশিয়ার সম্মতি দেওয়া এটাই ইঙ্গিত দেয় যে, আসাদ বিদায় নিক এটা মানতে রাজি রাশিয়া।জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চারকিন বলেছেন, জেনেভায় আনানের পরিকল্পনার বিষয়ে ঐকমত্য যে প্রতিষ্ঠিত হবেই, এ ধরনের কোনো নিশ্চয়তা নেই। তিনি সাংবাদিকদের বলেন, আনান যেসব পরিকল্পনা প্রস্তুত করতে যাচ্ছেন, সেগুলো ওই সম্মেলনে আলোচনার ভিত্তি হতে যাচ্ছে। ইরান ও সৌদি আরবকে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ না জানানো হলেও তুরস্ক, কাতার, কুয়েত ও ইরাককে আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়ার পাশাপাশি কফি আনান এবং জাতিংঘের বর্তমান মহাসচিব বান কি মুন উভয়েই ইরান সম্মেলনে যোগ দিক সেটা চেয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্র শক্তভাবে তার বিরোধিতা করে। এদিকে কফি আনানের নতুন এই প্রস্তাব সিরিয়ার সরকারবিরোধী গোষ্ঠীগুলো প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছে। সরকারবিরোধী জ্যেষ্ঠ একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বলেছেন, একটি অন্তর্বর্তীকালীন ঐক্যের সরকার গঠনের আগে সুনির্দিষ্টভাবেই প্রেসিডেন্ট আসাদের পদত্যাগ করা প্রয়োজন।সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) নির্বাহী সদস্য সামির নাশার বলেন, ‘প্রস্তাবটি এখনো আমাদের কাছে গাঢ় অন্ধকারে ঢাকা। তবে আমি বলতে পারি, প্রস্তাবটি যদি স্পষ্ট করে না বলে যে, আসাদকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তবে আমাদের কাছে এটা অগ্রহণযোগ্য হবে।’ এএফপি ও রয়টার্স।