সিরিয়ায় অন্তহীন লড়াইয়ের প্রতীক যে মসজিদ
সিরিয়ার আলেপ্পো নগরের কয়েক শতকের প্রাচীন উমাইয়াদ মসজিদ। দেশটিতে তিন বছরের চলমান গৃহযুদ্ধে বিদ্রোহীরা তিনবার মসজিদটির নিয়ন্ত্রণ নেয়। কিন্তু বেশি দিন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। প্রতিবারই সরকারি বাহিনী তাদের হটিয়ে দিয়েছে। অন্তহীন লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে এই মসজিদ।সর্বশেষ গত জুলাই থেকে উমাইয়াদ মসজিদ ঘিরে জোরালো লড়াই শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত দুই দফায় মসজিদটির নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। কিন্তু কোনোবারই ২৪ ঘণ্টার বেশি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। সর্বশেষ গত ফ্রেব্রুয়ারির শেষ দিকে মসজিদটির নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মি। কিন্তু আবার সেটি হাতছাড়া হয়ে যায়।বিদ্রোহীরা বলছে, মসজিদ থেকে কিছুটা দূরে উঁচু পাহাড়ের ওপর সরকারি বাহিনীর একটি সুরক্ষিত ঘাঁটি আছে। ওই ঘাঁটির পতন ঘটাতে না পারলে মসজিদটি নিয়ন্ত্রণে রাখা কঠিন। কেননা, উঁচু ওই ঘাঁটি থেকে আসাদ বাহিনী বিদ্রোহী বাহিনীকে লক্ষ্য করে সহজেই গোলা ছুড়তে পারে এবং গোপন অভিযান চালতে পারে। ওয়াশিংটন-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বা আইএসডব্লিউর সিরিয়া বিশেষজ্ঞ এলিজাবেথ ও’বে বলেন, সিরিয়ার লড়াইয়ে কোনো পক্ষই এখনো দেশজুড়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। বিদ্রোহী ও সরকারি উভয় বাহিনীই কোনো এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তো অন্য এলাকা তাদের হাতছাড়া হয়ে যায়।এই যুদ্ধের যেমন শেষ দেখা যাচ্ছে না, তেমনি আলেপ্পোর উমাইয়াদ মসজিদ নিয়েও দুই পক্ষের নিয়ন্ত্রণ-পাল্টা নিয়ন্ত্রণ চলছেই। এতে ক্ষতি হচ্ছে কয়েক শতকের প্রাচীন এই মসজিদের। এটি ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। দুই পক্ষের দখল-পাল্টা দখলের মধ্যে লুট হয়ে গেছে মসজিদের প্রাচীন ও মূল্যবান অনেক সম্পদ। এএফপি।