সিরিয়ায় অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর হামলা ‘অবিলম্বে’ বন্ধের আহ্বান জানিয়েছেন। দেশটিতে কামান হামলায় ৯৪ জন নিহত হওয়ার খবর প্রকাশের পর গত সোমবার এ আহ্বান জানান তাঁরা। মেক্সিকোর লস কাবোসে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের এক ফাঁকে ওবামা ও পুতিন বৈঠক করেন। এরপর যৌথ এক বিবৃতিতে দুই নেতা বলেন, ‘সিরিয়ায় রক্তপাত ও সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা বিশ্বাস করি, স্বাধীন ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার সিরিয়ার জনগণের থাকা উচিত।’ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের বলেন, তিনি ও ওবামা সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গত ১৫ মাসব্যাপী গণবিক্ষোভের ‘বেশ কয়েকটি সাধারণ দিক’ খুঁজে পেয়েছেন।বারাক ওবামা বলেন, সিরিয়ায় ‘রাজনৈতিক প্রক্রিয়ায়’ সহিংসতা বন্ধের ব্যাপারে পুতিন একমত হয়েছেন। এ ছাড়া তিনি জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।সিরিয়ার ব্যাপারে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে রাশিয়া বিরোধিতা করায় হতাশা প্রকাশ করেছে জাতিসংঘ। এদিকে প্রেসিডেন্ট আসাদের প্রতি অবরোধের হুমকি দিয়ে নিরাপত্তা পরিষদে নতুন করে প্রস্তাব উত্থাপনের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স চেষ্টা করছে। সিরিয়ার মিত্র দেশ চীন এ ব্যাপারে নিরাপত্তা পরিষদে দুটি প্রস্তাবের বিরোধিতা করেছে।সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ১৪ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে।রাশিয়ার হেলিকপ্টারবাহী জাহাজের যাত্রা বাতিল: সিরিয়াগামী একটি জাহাজের যাত্রা বাতিল করেছে রাশিয়া। রাশিয়ার তৈরি হেলিকপ্টার নিয়ে জাহাজটি সিরিয়ার পথে যাত্রা করেছিল। এমভি আলায়েদ নামের ওই জাহাজটি স্কটল্যান্ডের উত্তর উপকূল থেকে ৮০ কিলোমিটার যাওয়ার পর লন্ডনের একটি প্রতিষ্ঠান ওই জাহাজের বিমা বাতিল করে। দ্য স্ট্যান্ডার্ড ক্লাব নামের ওই প্রতিষ্ঠান জানায়, জাহাজে পরিবহন করা মালামালের ব্যাপারে তারা বিস্তারিত তথ্য চেয়েছিল। নতুন বিমা না পাওয়া পর্যন্ত এমভি আলায়েদের স্বত্বাধিকারী কর্তৃপক্ষ জাহাজটি কোথাও পাঠাবে না। জাহাজটি এখন কোথায় রাখা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। লন্ডনে রাশিয়ার দূতাবাস এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। এএফপি ও বিবিসি।