সিরিয়ায় অস্ত্র সরবরাহ বন্ধের জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আরব লিগ।গতকাল বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আরব লিগের উপমহাসচিব আহমেদ বিন হিলালি এ আহ্বান করেন।আরব লিগের উপমহাসচিব বলেন, সহিংস কর্মকাণ্ডে সহায়তাদানকারী যেকোনো পদক্ষেপ অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন। সিরিয়ায় সামরিক সরঞ্জাম সরবরাহ করার অর্থ মানুষ হত্যায় সহায়তা করা। এটি অবশ্যই বন্ধ হওয়া উচিত।সিরিয়াবিষয়ক জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের শান্তি পরিকল্পনা কার্যকর করার জন্য বিশেষ কৌশল গ্রহণের প্রয়োজন রয়েছে বলে মনে করেন আহমেদ বিন হিলালি। তিনি বলেন, কফি আনানের পরিকল্পনা নতুনভাবে পুনর্মূল্যায়ন করা দরকার।সিরিয়ার সংকট সমাধানে ৩০ জুন জেনেভায় হতে যাওয়া ‘সিরিয়া কন্টাক্ট গ্রুপ’-এর বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয় সমর্থন করেন আহমেদ বিন হিলালি। সংকট সমাধানে সব পক্ষের অংশগ্রহণের পক্ষপাতী তিনি। তবে তিনি বলেন, ওই বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।এদিকে সিরিয়ার বিদ্রোহীদের কাছে সরবরাহকৃত অস্ত্র আল-কায়েদা যোদ্ধাদের হাতে যাচ্ছে কি না, তা যাচাই করে দেখছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। নিউইয়র্ক টাইমস গতকাল এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, তুরস্ক, সৌদি আরব ও কাতারের কাছ থেকে পাওয়া অস্ত্র সীমান্ত অতিক্রম করে সিরিয়ার বিদ্রোহীদের হাতে যাচ্ছে।এসব অস্ত্রের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় রাইফেল, রকেটচালিত গ্রেনেড, গোলাবারুদ ও ট্যাংক বিধ্বংসী অস্ত্র। মামুলি এসব অস্ত্র দিয়ে প্রেসিডেন্ট বাশারের অনুগত শক্তিশালী ও প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনীর মোকাবিলা করতে হচ্ছে বিদ্রোহীদের।নিউইয়র্ক টাইমস বলছে, দক্ষিণ তুরস্কে অবস্থান করে সিআইএর গোয়েন্দারা এসব অস্ত্রের চালানের বিষয় তত্ত্বাবধান করছেন এবং সিরিয়ার বিদ্রোহীদের কাছ থেকে অস্ত্রসংক্রান্ত বিষয় সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।এমন একটা সময়ে টাইমস-এ এ প্রতিবেদন প্রকাশিত হলো, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অভিযোগ করছেন, সিরিয়া সরকারকে সামরিক হেলিকপ্টার সরবরাহ করছে রাশিয়া। তবে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র ও গোলাবারুদ সরবাহের অভিযোগ প্রত্যাখান করেছে ওয়াশিংটন। এএফপি।