অস্ত্রবিরতি ব্যর্থ হলে দায় যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত অস্ত্রবিরতির মধ্যেই সিরিয়ার বিভিন্ন স্থানে থেমে থেমে গোলাবর্ষণ ও সংঘর্ষ চলার অভিযোগ উঠেছে। রাশিয়া পরিস্থিতির অবনতি হচ্ছে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তির শর্ত অমান্য করার অভিযোগ করেছে। রাশিয়া আরও বলেছে, অস্ত্রবিরতি ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র দায়ী থাকবে।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ায় অস্ত্রবিরতি ভেঙে সংঘাত চলার অভিযোগ করেছে। তারা বলেছে, এ কারণে বিভিন্ন স্থানে ত্রাণ ও মানবিক সহায়তা দেওয়া যাচ্ছে না।
কিরগিজস্তান সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শনিবার বলেন, সিরিয়া নিয়ে সম্পাদিত চুক্তি মস্কো মেনে চলছে। তবে বিদ্রোহীরা এই চুক্তির সুযোগে নতুন করে সংঘবদ্ধ হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি রাখবে।
যুক্তরাষ্ট্রকে আরও বেশি স্বচ্ছতা দেখানোর আহ্বান জানিয়ে পুতিন বলেন, ‘যা দেখতে পাচ্ছি, সেটা দুঃখজনক। সিরিয়ার সরকারবিরোধী এবং সন্ত্রাসীদের আলাদা করতে গিয়ে যুক্তরাষ্ট্র একটা কঠিন সমস্যার মুখোমুখি। সিরিয়ার বৈধ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইয়ের সামর্থ্য ধরে রাখার ইচ্ছা ওয়াশিংটনের আছে। কিন্তু এটা খুব বিপজ্জনক পথ।’
রয়টার্স জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় অস্ত্রবিরতির শর্তগুলো অমান্য করেছে। তাই অস্ত্রবিরতি লঙ্ঘন হলে মার্কিনরাই দায়ী থাকবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ফোন করে বলেন, মার্কিন সামরিক কর্মকর্তাদের অস্ত্রবিরতির পরিস্থিতি সরেজমিন যাচাই করে দেখা উচিত।
সিরিয়ার আলেপ্পোয় একজন বিদ্রোহী নেতা হুঁশিয়ারি দিয়েছেন, এই যুদ্ধবিরতি টিকবে না। কারণ, কিছু কিছু জায়গায় লড়াই হচ্ছে এবং ত্রাণ সহায়তা পৌঁছায়নি।
যুদ্ধবিরতি গত সোমবার থেকে কার্যকর হওয়ার পর এর মেয়াদ বাড়ানো হয়। কিন্তু বিভিন্ন কারণে সিরিয়া পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র সিরিয়ার কট্টরপন্থীদের সঙ্গে আরও বেশি দূরত্ব না রাখলে সেখানকার ‘মধ্যপন্থী’ বিদ্রোহীদের ওপর আবার বিমান হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। অন্যদিকে আলেপ্পোসহ অন্যান্য অবরুদ্ধ এলাকায় মানবিক সহায়তা পৌঁছাতে বিলম্বের কারণে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ার অস্ত্রবিরতি অনুমোদন প্রশ্নে আলোচনার জন্য জরুরি বৈঠক ডাকলেও তা বাতিল করে দিয়েছে। অস্ত্রবিরতি চুক্তির বিস্তারিত বিষয় নিরাপত্তা পরিষদের কাছে প্রকাশ করা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতৈক্য না হওয়ার কারণেই বৈঠকটি বাতিল হয়। এ জন্য ওয়াশিংটন ও মস্কো পরস্পরকে দায়ী করেছে।
সিরিয়ায় পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটানোর ‘শেষ সুযোগ’ হিসেবে দেখা হচ্ছে এ যুদ্ধবিরতিকে। এ যুদ্ধে এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা তিন লাখ। নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশটি ছেড়ে গেছে প্রায় ৫০ লাখ মানুষ। আর দেশের ভেতরে বাড়িছাড়া হয়েছে প্রায় ৬৫ লাখ মানুষ।