সিরিয়ায় অস্থিরতা ছড়াচ্ছে ইসরায়েল: বাশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অভিযোগ করেছেন, তাঁর দেশে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে ইসরায়েল। তবে এই হুমকি মোকাবিলায় সিরিয়ার সেনাবাহিনী প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন।বাশার গতকাল রোববার দামেস্কে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। গত সপ্তাহে সিরিয়ার একটি সামরিক গবেষণাকেন্দ্র ও গাড়িবহরে ইসরায়েলের বিমান হামলার পর ওই হামলার ব্যাপারে এটাই তাঁর প্রথম প্রতিক্রিয়া। বাশার বলেন, গত বুধবারের হামলার মধ্য দিয়ে ইসরায়েলের সত্যিকারের চেহারা ফুটে উঠেছে। ইহুদি রাষ্ট্রটি সিরিয়ায় অস্থিরতা ছড়াচ্ছে। সিরিয়াকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। কিন্তু সিরিয়ার সেনাবাহিনী এই হুমকি ও আক্রমণ মোকাবিলার শক্তি রাখে।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে অব্যাহতভাবে জামরায়ার সেই গবেষণাকেন্দ্রে হামলা-পরবর্তী ধ্বংসাবশেষের চিত্র তুলে ধরা হচ্ছে। এতে কেন্দ্রটির ক্ষতিগ্রস্ত ভবনের পাশাপাশি বোমার আঘাতে ক্ষতবিক্ষত গাড়িও দেখানো হচ্ছে। তা ছাড়া সেদিনের ভয়াবহ হামলার ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের বর্ণনাও সম্প্রচার করছে চ্যানেলটি।একজন প্রত্যক্ষদর্শী বলেন, ইসরায়েলের বোমা হামলায় তাঁর কাঁধের হাড় ভেঙে গেছে। হাত ও পায়েরও ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘নিজে আহত হওয়ার পরও হামলা শেষে অন্য আহতদের সাহায্যে এগিয়ে যাই আমি।’হামলার দায়দায়িত্ব ইসরায়েল এখন পর্যন্ত সরাসরি স্বীকার না করলেও পরোক্ষভাবে স্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক গতকাল জার্মানির মিউনিখে সাংবাদিকদের বলেন, ‘আমরা যেটা বলি, সেটা যে করে থাকি এটা তারই প্রমাণ।’ তিনি বলেন, ‘লেবাননের হাতে উন্নত অস্ত্রব্যবস্থা চলে যাক, তা আমরা কখনোই সমর্থন করি না।’ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সেদিন ভোররাতে আকাশসীমা লঙ্ঘন করে দামেস্কের পার্শ্ববর্তী জামরায়া নগরের সামরিক গবেষণাকেন্দ্রে হামলা চালায়। যুদ্ধবিমানগুলো নিচু উচ্চতায় উড়ে এসে রাডারকে ফাঁকি দিয়ে এ হামলা চালায়। এতে কেন্দ্রটির দুজন কর্মী নিহত হন। পাশাপাশি কেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয়েছে। ওই দিন প্রায় একই সময় দামেস্ক-বৈরুত মহাসড়কের পাঁচ কিলোমিটার দক্ষিণে সিরিয়ার অংশে একটি গাড়িবহরেও বিমান হামলা চালায় ইসরায়েল। ওই বহরে উচ্চপ্রযুক্তির বিমানবিধ্বংসী ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহন করা হচ্ছিল বলে ইসরায়েলের অভিযোগ। তবে সিরিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। বিবিসি ও এএফপি।