সিরিয়ায় আইএসের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ায় যা করছে, তা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের শামিল বলে মনে করছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন। এর জন্য আইএসের নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হওয়া উচিত বলে মনে করে কমিশন। খবর রয়টার্সের।
সিরিয়ায় আইএসের কর্মকাণ্ডের ছবি, ভিডিওচিত্র ও নির্যাতনের শিকার অন্তত ৩০০ মানুষের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের কমিশনটি। প্রতিবেদনের শিরোনাম ‘সন্ত্রাসের শাসন: সিরিয়ায় আইএসআইএসের অধীনে জীবন’। প্রসঙ্গত, আইএসআইএস কট্টরপন্থী সংগঠনটির আগের নাম। পাশ্চাত্যসহ কেউ কেউ এ নামটি ব্যবহার করে।
প্রতিবেদনে আইএসের হত্যাকাণ্ড, ধর্ষণ, ক্রীতদাস বানানোসহ নানা অপরাধের কথা উঠে এসেছে। এমন তথ্যও পাওয়া গেছে যে ধূমপান করার জন্য কিংবা শরীরে উল্কি আঁকার জন্য মানুষকে হত্যা করা হয়েছে।
এদিকে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসি গতকাল শনিবার অঘোষিত এক সফরে ইরাক গেছেন।