সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। রাষ্ট্রীয় গণমাধ্যম বোমা হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে। দুই সপ্তাহের ব্যবধানে দামেস্কে এ নিয়ে দ্বিতীয়বার আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটল।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলের ঐতিহাসিক মিদান এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে। একটি বিদ্যালয়ের কাছে ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমা হামলা চালানো হয়। হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের বিবৃতিতে বলা হয়েছে।টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণস্থলের আশপাশে মানুষের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার ও বাসের গায়ে হতাহত ব্যক্তিদের রক্ত লেগে আছে। উদ্ধারকারীরা মৃতদেহের ছিন্নভিন্ন অংশ প্লাস্টিকের ব্যাগে ভরে সরিয়ে নিচ্ছেন।এর আগে ২৩ ডিসেম্বর দামেস্কে প্রায় একই ধরনের বোমা হামলায় ৪৪ জন নিহত হয়। ওই ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সিরিয়া সরকার ওই হামলাকে আল-কায়েদার কাজ বলে তাদের সন্দেহের কথা প্রকাশ্যেই জানিয়েছে। অন্যদিকে সরকারবিরোধীরা বোমা হামলার জন্য ক্ষমতাসীনদের দিকেই ইঙ্গিত করেছে।এদিকে সিরিয়ার গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা ১০ মাস ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে আরব লিগের পর্যবেক্ষকেরা ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছে। পর্যবেক্ষকদের পরিবর্তে জাতিসংঘের তত্ত্বাবধানে সংকট সমাধানের দাবি তুলেছে তারা। এ জন্য রাজপথে গণবিক্ষোভের নতুন কর্মসূচির ডাক দিয়েছে।আরব লিগের পর্যবেক্ষকদের অবস্থানকালে গতকাল বোমা হামলার ঘটনা সিরিয়া-সংকট সমাধানে নতুন করে অনিশ্চয়তার জন্ম দিয়েছে বলে মনে করা হচ্ছে। গত ২৬ ডিসেম্বর থেকে পর্যবেক্ষকেরা সিরিয়ায় আছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং দীর্ঘ সংঘাতময় পরিস্থিতির অবসানে তাঁরা কাজ করছেন।সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেবেল ফ্রি সিরিয়ান আর্মির প্রধান কর্নেল রিয়াদ আল-আসাদ বৃহস্পতিবার এক টেলিফোন সাক্ষাৎকারে এএফপিকে বলেছেন, ‘সংকট সমাধানে আরব লিগের পর্যবেক্ষকদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে, সে ঘোষণা তাঁরা দেবেন, আমরা এমনটাই আশা করছি। আরব লিগ তাদের দায়িত্ব থেকে সরে আসবে।’ এএফপি।