সিরিয়ায় আত্মঘাতী বোমায় দুই মন্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের জাতীয় নিরাপত্তা ব্যুরোর প্রধান কার্যালয়ে গতকাল বুধবার আত্মঘাতী বোমা হামলায় প্রতিরক্ষামন্ত্রী এবং উপপ্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।এ ছাড়া সিরিয়ার ক্রাইসিস সেলের প্রধান জেনারেল হাসান তুর্কমানি নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়।হামলার সময় প্রতিরক্ষামন্ত্রী দাউদ রাজিহা এবং উপপ্রতিরক্ষামন্ত্রী আসেফ শওকতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই ভবনে বৈঠক করছিলেন। শওকত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বোন বুশরার স্বামী।রাজধানী দামেস্কে সর্বাত্মক লড়াই চালানোর ঘোষণা দেওয়ার তিন দিনের মাথায় গুরুত্বপূর্ণ এই জাতীয় নিরাপত্তা ব্যুরোর ভবনে বিদ্রোহীরা আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। নিহত দাউদ রাজিহার বিরুদ্ধে বাশারবিরোধীদের ওপর দমন-নিপীড়নের মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তা বাহিনী সূত্র দাবি করছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী প্রেসিডেন্ট বাশারের ঘনিষ্ঠ কোন কর্মকর্তার দেহরক্ষী হিসেবে কাজ করতো। বোমা হামলার পরপরই রাউদা এলাকার নিরাপত্তা ব্যুরো কার্যালয়সহ আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।অন্যদিকে তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পক্ষ ত্যাগ করে আরও দুজন শীর্ষ জেনারেল মঙ্গলবার রাতে তুরস্কে পালিয়ে গেছেন। তাঁদের সঙ্গে আরও ১০০ শরণার্থী তুরস্কে পৌঁছেছেন। এ নিয়ে সিরিয়া সরকারের পক্ষ ত্যাগ করা জেনারেলের সংখ্যা দাঁড়াল ২০ জন।গতকালও রাজধানীর বিভিন্ন অঞ্চলে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এর আগে মঙ্গলবার রাতভর দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। মঙ্গলবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত দামেস্কের আল-কাবুন এলাকায় ব্যাপক অভিযান চালায় সরকারি বাহিনী।রাজধানীর বাসিন্দা সুসান আহমেদ জানান, ‘বুধবার সকাল থেকে দামেস্কে ঢোকার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীজুড়ে প্রায় সারাক্ষণই বোমা ও গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। আল-কাবুন এলাকায় ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয়েছে। গোলার আঘাতে বাড়িঘরসহ অনেক স্থাপনা তছনছ হয়ে গেছে। জীবন বাঁচাতে মানুষ শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে।’সরকারবিরোধীরা দাবি করেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাসভবন ‘প্রেসিডেন্ট প্যালেসের’ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা ব্যারাকের ওপর হামলা চালিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। গত সোমবার এফএসএ ঘোষণা দিয়েছিল, রাজধানী দখলের জন্য এটিই তাদের শেষ যুদ্ধ। এ জন্য রোববার থেকেই বিশেষ অভিযান চালানো শুরু করেছে তারা। সর্বাত্মক এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন দামেস্ক ভলকানো’।সরকারবিরোধী লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) জানায়, দামেস্কের রাজপথে গতকাল কম মানুষকে চলাচল করতে দেখা গেছে। রাজধানীর পাশাপাশি অন্য প্রদেশগুলোতেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের প্রচণ্ড লড়াই চলছে।লন্ডনভিত্তিক সিরিয়াবিষয়ক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, এফএসএ দামেস্ক অভিযান শুরু করার পর থেকে গত ৪৮ ঘণ্টায় সরকারি বাহিনীর ৬০ জনেরও বেশি সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার ৪০ থেকে ৫০ জন এবং মঙ্গলবার অন্তত ২০ জন সেনাসদস্য ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে লড়াইয়ে নিহত হন।গতকাল সরকারবিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) আসাদ সরকারের বিরুদ্ধে অবরোধ আরোপের মতো নতুন পদক্ষেপ গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। এসএনসির পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান বাসমা কদমানি নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান। এএফপি, রয়টার্স।