সিরিয়ায় আত্মঘাতীবোমা হামলায় ৩০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ বলেন, নিরাপত্তাবাহিনীর কার্যালয় ভবনে গতকাল শুক্রবার দুটি পৃথক হামলা হয়।মেকদাদ বলেন, ‘আরব পর্যবেক্ষকেরা সিরিয়ায় আসার পরদিনই এ হামলা হলো। সন্ত্রাসী ও আল-কায়েদার পক্ষ থেকে আমরা এ উপহার পেয়েছি। তবে আরব লিগের উদ্যোগ সফল করতে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি।’সরকারবিরোধীদের প্রতি পশ্চিমা সমর্থন রয়েছে বলে ইঙ্গিত করে মেকদাদ বলেন, দামেস্কে পর্যবেক্ষকদের প্রথম দিনটিকে শোকাবহ করতে চেয়েছিল সন্ত্রাসীরা। কিন্তু সিরিয়ার জনগণ ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশ-সমর্থিত এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।মেকদাদের সঙ্গে ছিলেন আরব লিগের সহকারী মহাসচিব সামির সেইফ আল-ইয়াজাল। পর্যবেক্ষকদের পূর্ববর্তী দলের প্রধান হিসেবে গত বৃহস্পতিবার তিনি সিরিয়ায় পৌঁছান। তিনি বলেন, তাঁরা যে কাজে এসেছেন তা অব্যাহত থাকবে। আজ শনিবার তাঁরা পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে সাক্ষাৎ করবেন।হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে ইয়াজাল বলেন, যা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই শান্ত রয়েছে।সিরিয়ায় নয় মাসব্যাপী রক্তপাত অবসানের পরিকল্পনা খতিয়ে দেখতে নিরপেক্ষ পর্যবেক্ষকদল পাঠায় আরব লিগ। এএফপি।