সিরিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ওপর পাথর নিক্ষেপ
সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষকদের গাড়িবহরে অজ্ঞাতপরিচয় লোকজন পাথর ছুড়েছে। বার্ত সংস্থা সিনহুয়া জানায়, দেশটির রাজধানী দামেস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় দুমাইর শহরতলি এলাকায় গত শুক্রবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সামরিক বাহিনীর একটি তল্লাশিকেন্দ্রের দিকে যাওয়ার সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের গাড়িবহর লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে একটি গাড়ির জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি।ওই হামলার আগে দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা গত শুক্রবার বিভিন্ন শহরে সমবেত হয়ে সশস্ত্র বিদ্রোহীদের অভিবাদন জানায়। এ সময় জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে সিরিয়ার দারা প্রদেশে একটি সড়কের পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর আট সদস্য গত বুধবার আহত হন। জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের ছয় দফা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘের পর্যবেক্ষকেরা গত মাসে সিরিয়া যান। তাঁরা সব ধরনের সহিংসতা পরিহার করে রাজনৈতিক স্থিতিশীলতা স্থাপনের মাধ্যমে সিরিয়া-সংকটের সমাধান করতে চান। বর্তমানে ১৫০ জন বিদেশি পর্যবেক্ষক সিরিয়ায় অবস্থান করছেন বলে জানিয়েছে জাতিসংঘ। আইএএনএস।