সিরিয়ায় আবার হত্যাযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হামা প্রদেশের একটি গ্রামে নতুন করে ‘হত্যাযজ্ঞ’ চালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা। এ ঘটনায় প্রায় ১০০ জন নিহত হয়েছে, যার মধ্যে অনেকেই নারী ও শিশু। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে একই পরিবারের ৩৫ জন। সরকারবিরোধী জোট ও মানবাধিকার সংগঠনগুলো গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে।সিরিয়ার নির্বাসিত রাজনীতিকদের জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) মুখপাত্র মোহাম্মদ সারমিনি জানান, হামা প্রদেশের আল কুবাইর গ্রামে গত বুধবার ১০০ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ২০ জন নারী এবং ২০ জন শিশু। তিনি এ গণহত্যার পেছনে আসাদের সরকারি বাহিনী জড়িত বলে অভিযোগ করেন।একই এলাকায় গণহত্যা চালানোর খবর দিয়েছেন মানবাধিকার কর্মীরাও। তবে তাঁরা বলেছেন, ওই ঘটনায় সম্ভবত ৮৭ জন নিহত হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে জানায়, নিয়মিত সেনাদের ব্যাপক গোলা বর্ষণের পর সরকারপন্থী সাবিহা মিলিশিয়া বাহিনী ছুরি ও বন্দুকে সজ্জিত হয়ে একটি খামারে নতুন হত্যাযজ্ঞ চালায়। সংগঠনটির মুখপাত্র রামি আবদেল রহমান বলেন, যেটা নিশ্চিত তা হচ্ছে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে।সরকারবিরোধীদের সংগঠন লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) বলেছে, কুবাইর গ্রামে নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে এক পরিবারেরই ৩৫ জন। এলসিসি আরও জানায়, কুবাইর গ্রামসহ বুধবার সিরিয়াজুড়ে কমপক্ষে ১৪০ ব্যক্তি সরকারি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে।তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়, সন্ত্রাসী হামলার পর কুবাইর গ্রামে বেশ কিছু লাশ পায় সেনারা।সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষক দল কুবাইর গ্রামে গেলে তাদের ওপর গুলিচালানো হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ হত্যাযজ্ঞকে ‘অগ্রহণযোগ্য’ বলেঅভিহিত করেছেন।এসএনসির মুখপাত্র সারমিনি এক বিবৃতিতে বলেন, সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল বেসামরিক লোকদের বিরুদ্ধে সরকারি বাহিনীর গড়ে তোলা অবরোধ ভেঙে ফেলতে এবং দেশজুড়ে বেসামরিক লোকদের রক্ষায় আক্রমণ জোরদার করতে (বিদ্রোহী) ফ্রি সিরিয়ান আর্মির প্রতি আহ্বান জানাচ্ছে।এর আগে গত ২৫ মে হোমসের হুলা শহরে কমপক্ষে ১০৮ জন গণহত্যার শিকার হয়, যাদের বেশির ভাগই নারী ও শিশু। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, তারা প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীর হাতে নিহত হয়েছে। যদিও সরকার এ খবর অস্বীকার করে।নতুন হত্যাযজ্ঞের এ খবর এমন এক সময়ে এল যখন রাশিয়া ও চীন যৌথভাবে ঘোষণা দিয়েছে, সরকার পরিবর্তনের লক্ষ্যে সিরিয়ায় হস্তক্ষেপের সুস্পষ্টভাবে বিরুদ্ধে তারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সর্বশেষ এই ‘বর্বোরোচিত’ হত্যাযজ্ঞের ঘটনার পর সিরিয়ার সরকারকে একঘরে করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও অনেক কিছু করতে হবে। নরওয়ের অসলোতে তিনি গতকাল সাংবাদিকদের বলেন, এই খবরগুলো যদি সত্যি হয় তবে এটা আরেকটি বর্বর আক্রমণ। সরকার ও প্রেসিডেন্ট আসাদ যা করছেন তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে খোলামেলাভাবে নিন্দা জানাতে হবে। বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর নেতাদের এখনই বসা উচিত বলেও তিনি মন্তব্য করেন।অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত বুধবার সিরিয়ার ক্ষমতা প্রেসিডেন্ট আসাদের কাছ থেকে পুরোপুরি হস্তান্তরে একটি কৌশল বের করার আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান।তুরস্কের ইস্তাম্বুলে ১৬টি আঞ্চলিক ও ইউরোপীয় দেশের কর্মকর্তাদের সঙ্গে ক্লিনটনের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে ওই কর্মকর্তা বলেন, ‘সিরিয়ার যেসব লোক প্রকৃত পরিবর্তন চায়, আমরা তাদের বিশ্বাস ভাঙতে পারি না।’ তিনি জানান, বৈঠকে ক্লিনটন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন, যেগুলো তাঁদের বিশ্বাস, আসাদের কাছ থেকে ক্ষমতা পুরোপুরি স্থানান্তর করাসহ আসাদ-পরবর্তী সিরিয়ায় ক্ষমতার পালাবদলের বিষয়ে পথনির্দেশক হবে। এএফপি ও বিবিসি।