সিরিয়ায় আবারও আরব লিগের মিশন পাঠানো হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সংঘাত-বিক্ষুব্ধ হোমস শহরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার অন্ততপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এদের কেউ কেউ গোলার আঘাতে এমনই পুড়ে গেছে যে তাদের চেনাই দুষ্কর হয়ে পড়ে। মানবাধিকারকর্মীরা এ খবর জানান। এদিকে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত বুধবার বলেছেন, সিরিয়ায় আরব লিগ ও জাতিসংঘের একটি যৌথ পর্যবেক্ষক মিশন পাঠানো হতে পারে।লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ‘হোমসের বাবা আমর এলাকায় গতকাল ভোরে শুরু হওয়া সরকারি বাহিনীর বোমা হামলায় ২৩ জন ও খালদিয়ায় একজন নিহত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এদের কারও কারও দেহ পুড়ে ছাই হয়ে গেছে।’রামি আবদেল রহমান জানান, সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহরটিতে গত শনিবার থেকে শুরু হওয়া নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৪০০ জনের বেশি মারা গেছে। বাবা আমর এলাকার চিকিৎসক আলি হাজুরি বলেন, বুধবার রাতে সেনাদের গোলাবর্ষণ খানিকটা থেমে থাকলেও ভোর হওয়ার সঙ্গে সঙ্গে তা পুরোদমে শুরু হয়। তিনি বলেন, ‘সেনারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বৃষ্টির মতো গোলাবর্ষণ করছে।’ওমর শাকের নামের একজন মানবাধিকারকর্মী জানান, ভূ-গর্ভস্থ কোনো আশ্রয়স্থল না থাকায় হোমসের বাসিন্দারা গোলার হাত থেকে বাঁচতে নিজ নিজ বাসভবনের নিচতলায় লুকিয়ে থাকছেন।এদিকে, নিরাপত্তা পরিষদে সিরিয়া সরকারের নিন্দা জানিয়ে উত্থাপিত প্রস্তাব পাস হতে ব্যর্থ হওয়ার পর জাতিসংঘের মহাসচিব বান কি মুন দেশটিতে যৌথ পর্যবেক্ষক মিশন পাঠানোর সম্ভাবনার কথা জানিয়েছেন। নিন্দা প্রস্তাবটি নাকচ হয়ে যাওয়ার ঘটনাকে তিনি সিরীয় জনগণের জন্য ‘বিপর্যয়কর’ মন্তব্য করে বলেন, এতে বিরোধীদের ওপর প্রেসিডেন্ট বাশারের সহিংস অভিযানই কেবল উৎসাহিত হবে।প্রেসিডেন্ট বাশারের অনুগত সেনাদের ক্রমবর্ধমান রক্তক্ষয়ী অভিযানের পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি সিরিয়ায় পর্যবেক্ষণ কার্যক্রম স্থগিত করে দেয় আরব লিগ। নিরাপত্তা পরিষদে এক সংক্ষিপ্ত ভাষণ শেষে মহাসচিব বান কি মুন সাংবাদিকদের বলেন, ‘তিনি (নাবিল আল-আরাবি) সিরিয়ায় আবারও পর্যবেক্ষকদের পাঠাতে আগ্রহ প্রকাশ করে জাতিসংঘের সহায়তা চেয়েছেন।’ বান কি মুন বলেন, ‘যৌথ বিশেষ প্রতিনিধিদলসহ সিরিয়ায় একটি যৌথ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয় বিবেচনার পরামর্শও দিয়েছেন তিনি।’ এএফপি।