সিরিয়ায় আরব লিগের মিশন শেষ, প্রতিবেদন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষক দলের মিশন গত বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে তা দেশটিতে সহিংসতা বন্ধ করতে পারেনি। পর্যবেক্ষক দল মিসরের রাজধানী কায়রোতে আজ শনিবার থেকে শুরু হওয়া আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তাদের প্রতিবেদন দেওয়ার কথা।২৬ ডিসেম্বর থেকে আরব লিগের পর্যবেক্ষক দলের সিরিয়া মিশন শুরু হওয়ার পর প্রথম ১০ দিনে দেশটিতে সহিংসতায় কমপক্ষে ৪০০ জন নিহত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ তথ্য জানায়।এদিকে সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষক দল ছেড়ে আসা পর্যবেক্ষক আনোয়ার মালেক অভিযোগ করেন, ‘আরব লিগ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদ্ধতির মধ্যেই কাজ করছে, দেশটির বেসামরিক জনগণকে রক্ষায় তারা কোনো কাজ করেনি।’আনোয়ার বলেন, ‘আমি সেখানে মানবতার বিরুদ্ধে অপরাধ হতে দেখেছি। ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে নারী ও শিশুর লাশ পড়ে আছে। লাশে নৃশংসতার চিহ্নও রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে খাবারের জন্য হাহাকার পড়ে গেছে।’ পর্যবেক্ষক দলের পরিদর্শনের সময়ও দমন-পীড়ন বন্ধ না হওয়ার প্রতিবাদে চলতি মাসের প্রথম দিকে সিরিয়া ছেড়ে চলে যান আনোয়ার।সিরিয়ার সরকার চায়, আরব লিগের পর্যবেক্ষক দলের মিশন চলতে থাকুক। তবে প্রেসিডেন্ট আসাদবিরোধীরা দেশটিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইছে।কায়রোতে আজ থেকে আরব পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে। এতে সিরিয়া পর্যবেক্ষণের প্রতিবেদন তুলে ধরবেন ১৬৫ সদস্যের পর্যবেক্ষক দলের প্রধান সুদানের সামরিক গোয়েন্দা কর্মকর্তা জেনারেল মুস্তাফা আল-দাবি। রয়টার্স, এএফপি, বিবিসি।