সিরিয়ায় আসাদকে উৎখাতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র: শাভেজ
সিরিয়ার সম্পদ লুট করার জন্য যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। গত শনিবার একটি রাজনৈতিক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।শাভেজ বলেন, দৃশ্যত সিরিয়ার ওপর হামলা শুরু হয়ে গেছে। সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে এবং কেউ কেউ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। আর এ কারণে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে দেশের নাগরিকদের হত্যা করার অভিযোগ আনা হচ্ছে। এরপর জনগণকে বাঁচানোর নাম করে যুক্তরাষ্ট্র অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়ে যাবে সিরিয়ায়।শাভেজ জানান, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ফোনে কথা বলে লিবিয়ার সঙ্গে সিরিয়া-পরিস্থিতির তুলনা করেছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশগুলোতে লুটপাট চালানো এবং উপনিবেশ বানানোর জন্য যুক্তরাষ্ট্র নতুন একটি ‘মডেল’ দাঁড় করিয়েছে। লিবিয়ায় যা ঘটছে, এর সঙ্গে সিরিয়ার ঘটনার মিল রয়েছে। তারা অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করে ও রক্তপাত ঘটিয়ে দেশের অভ্যন্তরে নাক গলানোর একটা অজুহাত সৃষ্টি করছে।লিবিয়ায় জাতিসংঘ-সমর্থিত আন্তর্জাতিক মিত্ররা প্রেসিডেন্ট গাদ্দাফিকে উৎখাতের জন্য এক সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছে।আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের নিয়মিত সমালোচনা করে আসছে কিউবা ও ভেনেজুয়েলা।গত শনিবার সিরিয়ায় ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। ওই দিন দুই বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া বিক্ষোভকারীরা ক্ষমতাসীন বাথপার্টির একটি কার্যালয় জ্বালিয়ে দেয়।এর আগে গত বুধবার ডেরা শহরে বিক্ষোভ মিছিলে নিরাপত্তাকর্মীরা সরাসরি গুলি চালালে সেখানে কমপক্ষে ৪৪ জন নিহত হয়। এএফপি।