সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কিশোরকে হত্যার ঘটনায় গোলান মালভূমিতে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷ গতকাল সোমবার সকালে ইসরায়েলি বাহিনী এ খবর নিশ্চিত করেছে।
এদিকে পশ্চিম তীরে নিখোঁজ তিন স্কুলছাত্রের সন্ধানে অভিযান চলাকালে আরও ৩৭ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলের বাহিনী৷ তাদের অভিযানে এ পর্যন্ত চার ফিলিস্তিনি নিহত হয়েছে। আটক করা হয়েছে ৩৬১ জনকে। খবর এএফপির৷
খবরে বলা হয়, বিনা ভাড়ায় পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় ১২ জুন নিখোঁজ হয় ইসরায়েলি ওই তিন স্কুলছাত্র৷ তাদের অপহরণের সঙ্গে হামাস জড়িত বলে অভিযোগ করছে ইসরায়েল। তবে হামাস এদের অপহরণের ব্যাপারে কোনো দায় স্বীকার করেনি।
ইসরায়েলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র বলেন, হামাসের শক্ত ঘাঁটি জেনিন ও হেবরন এলাকায় অভিযান চালানো হয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে গত রোববার রাতে ৮০টি স্থানে অভিযান চালিয়ে ৩৭ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷
ইসরায়েল বলছে, ‘অপারেশন ব্রাদার্স কিপার’ নামের এই অভিযানের উদ্দেশ্য হলো নিখোঁজ ছাত্রদের নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনা৷
ফিলিস্তিনের কর্মকর্তারা বলেন, অভিযান চলাকালে ইসরায়েলের সেনারা বেথলেহেম ও নাবলুসেও ঢুকে পড়ে৷ স্কুলছাত্রদের উদ্ধারে ইসরায়েলি সেনাদের এ ধরনের অভিযানের নিন্দা জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস৷
এদিকে, গোলান মালভূমিতে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল৷ দেশটির সেনাবাহিনীর একটি সূত্র জানায়, সিরিয়ার বাহিনী এক ইসরায়েলি কিশোরকে হত্যার ঘটনায় রোববার এ হামলা চালানো হয়৷
বলা হচ্ছে, সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্তরেখায় ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েলের বাহিনী এত বড় হামলা চালায়নি৷ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কিশোর হত্যার ঘটনায় দামেস্ককে চরম মূল্য দিতে হবে৷