সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা অগ্রহণযোগ্য: রাশিয়া
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। মস্কো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের হামলা ‘অগ্রহণযোগ্য’ এবং জাতিসংঘ সনদের ‘লঙ্ঘন’।দামেস্ক দাবি করেছে, গতকাল বৃহস্পতিবার ভোররাতে তাদের একটি সামরিক গবেষণাকেন্দ্রে গোলাবর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমান। এ ছাড়া লেবানন সীমান্তে সিরিয়ার একটি গাড়িবহরেও হামলা চালানো হয়। তবে এ ব্যাপারে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া হামলার যে অভিযোগ করেছে, তা জরুরিভিত্তিতে যাচাই করে দেখা হচ্ছে। বিনা উসকানিতে একটি স্বাধীন দেশের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে, তা অবশ্যই নিন্দনীয়। এটা অগ্রহণযোগ্য এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন। এ ক্ষেত্রে কোনো অজুহাতই গ্রহণযোগ্য হবে না।’সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে ২০১১ সালের মার্চে আন্দোলন শুরু হয়। সেই থেকে দামেস্কের বিরুদ্ধে যেকোনো বিদেশি সামরিক হস্তক্ষেপের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে রাশিয়া।মস্কো বলেছে, ‘আমরা আবারও সিরিয়ায় বহির্বিশ্বের যেকোনো ধরনের হস্তক্ষেপসহ সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি। ২০১২ সালের ৩০ জুনের জেনেভা চুক্তি অনুযায়ী, সিরিয়ার অভ্যন্তরীণ আলোচনা শুরুর ওপর আমরা জোর দিচ্ছি।’সিরিয়ার দাবি, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বুধবার ভোররাতে আকাশসীমা লঙ্ঘন করে দামেস্কের পার্শ্ববর্তী জামরায়া নগরের একটি সামরিক গবেষণাকেন্দ্রে হামলা চালায়। যুদ্ধবিমানগুলো রাডার ফাঁকি দিয়ে এ হামলা চালায়। এতে কেন্দ্রের দুজন কর্মী নিহত হন। পাশাপাশি কেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয়।স্থানীয় বাসিন্দারা জানান, সামরিক গবেষণাকেন্দ্রটি লক্ষ্য করে ছয়টি রকেট ছোড়া হয়েছে। এতে ভবনটিতে আগুন লেগে যায় এবং দুজনের প্রাণহানি ঘটে।এদিকে সিরিয়ার বিদ্রোহীদের একটি সূত্র জানায়, দামেস্ক-বৈরুত মহাসড়কের পাঁচ কিলোমিটার দক্ষিণে বুধবার ভোররাতে সিরিয়ার অংশে একটি গাড়িবহরে বিমান হামলা চালানো হয়েছে। ওই বহরে খুব সম্ভবত উচ্চপ্রযুক্তির বিমানবিধ্বংসী ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র বহন করা হচ্ছিল। তবে সিরীয় সেনাবাহিনী এ হামলার খবর অস্বীকার করেছে।লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের আকাশসীমায় ইসরায়েলি জঙ্গি বিমান উড়তে দেখা গেছে। একজন পশ্চিমা কূটনীতিক জানান, সেখানে রাতে কিছু একটা ঘটেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। এ হামলার ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধান আভিভ কচাভিও কোনো মন্তব্য করেননি।বাশারের সঙ্গে আলোচনায় রাজি বিদ্রোহীরা: সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশনের প্রধান মোয়াজ আল খতিবের একজন মুখপাত্র জানিয়েছেন, বিদ্রোহীরা প্রয়োজনে বাশার প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে রাজি। কায়রো, তিউনিস বা ইস্তাম্বুলে এ বৈঠক হতে পারে। এএফপি ও বিবিসি।