সিরিয়ায় উভয় পক্ষই যুদ্ধবিরতিতে রাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী উভয় পক্ষই শেষ পর্যন্ত আজ শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনী এ যুদ্ধবিরতির ঘোষণা দেয়।মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার এ সময়টাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন সিরিয়াবিষয়ক আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমি। তবে যুদ্ধবিরতির সময় বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো হামলা চালানো হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে সিরীয় সেনাবাহিনী। অবশ্য এর আগেই অধিকাংশ বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে।সিরিয়ার প্রধান বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মি জানিয়েছে, তারাও সাময়িকভাবে যুদ্ধবিরতিতে রাজি। শুক্রবার সকাল থেকে সব সামরিক তৎপরতা বন্ধ রাখবে তারা। তবে সিরীয় বাহিনী হামলা চালালে তার পাল্টা জবাব দেবে।এদিকে অল্প সময়ের জন্য হলেও দুই পক্ষই যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, একে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের উপমহাসচিব জ্যাঁ এলিয়াসন বলেন, এর মধ্য দিয়ে হয়তো দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার পথ সুগম হবে।এদিকে সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে গঠিত জাতিসংঘ দল বলেছে, দেশটিতে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ ও ‘যুদ্ধাপরাধ’ চলছে। ঘটনা তদন্তে দামেস্ক সফরের চেষ্টা চলছে বলে তদন্ত দলটির সদস্যরা জানান।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাধারণ ক্ষমার আওতায় আটক শান্তিকর্মী, সাংবাদিক ও সাহায্যকর্মীদের ছেড়ে দিতে তাঁর প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছে, অন্যথায় সাধারণ ক্ষমার ঘোষণা মিথ্যা আশ্বাসে পরিণত হবে।যেসব বিদ্রোহী কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তাদের জন্য গত মঙ্গলবার সাধারণ ক্ষমা ঘোষণা করেন আসাদ। তবে যেসব বিদ্রোহী এখনো লড়াই চালিয়ে যাচ্ছে এবং যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছে, তাদের জন্য সাধারণ ক্ষমা প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।আন্তর্জাতিক নয়টি মানবাধিকার সংস্থা বিবৃতিতে বলেছে, অনেক শান্তিকর্মী আটক হয়েছেন। সাধারণ ক্ষমা তাঁদের ক্ষেত্রেও অবশ্যই প্রয়োগ করতে হবে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রধান সারাহ লিহ হুইটসন বলেন, প্রেসিডেন্ট আসাদ তাঁর সাধারণ ক্ষমার ব্যাপারে আন্তরিক হলে সব আটক ব্যক্তির সঙ্গেই আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষকদের দেখা করতে দেওয়া উচিত। এএফপি, বিবিসি।