সিরিয়ায় গত বুধবার হামলায় তিন শতাধিক লোক নিহত হয়েছে। সে দেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী চলা লড়াইয়ে এটাই সবচেয়ে রক্তাক্ত দিন। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাটইস এ দাবি করেছে। এদিকে চলতি বছরের শেষ নাগাদ সিরিয়া ছেড়ে যাওয়া শরণার্থীর সংখ্যা সাত লাখ ছাড়িয়ে যেতে পারে।সিরিয়ায় রক্তপাত বন্ধে ‘পক্ষাঘাতগ্রস্ত’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। অবজারভেটরির দাবি, রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে সামরিক বাহিনীর সদর দপ্তরে বুধবারের জোড়া বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। একটি ইসলামি বিদ্রোহী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। অবজারভেটরির তথ্য অনুযায়ী, বুধবার সারা দেশে সংঘর্ষে অন্তত ৩০৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৯৯ জনই বেসামরিক নাগরিক। সংগঠনটির পরিচালক রামি আবদেল রহমান টেলিফোনে এএফপিকে বলেন, গত বছরের মার্চে আসাদবিরোধী লড়াই শুরুর পর থেকে এখন পর্যন্ত এটাই সবচেয়ে ভয়ানক দিন। মাত্র এক দিনে এত বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা এই প্রথম। অজ্ঞাতনামা ব্যক্তিদের লাশ গণনায় ধরলে এ সংখ্যা আরও বেড়ে যাবে।এর আগে গত ১৯ জুলাই দেশটিতে সংঘর্ষে অন্তত ৩০২ জন নিহত হয়। মানাবধিকার সংগঠনটির দাবি, সংঘর্ষে ইতিমধ্যে সব মিলিয়ে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্তত ১২ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। তবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মতে, সিরিয়া ছেড়ে যাওয়া শরণার্থীর সংখ্যা চলতি বছরের শেষ নাগাদ সাত লাখ ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটি জানায়, শরণার্থীর বর্তমান সংখ্যা পূর্ববর্তী অনুমানের চেয়ে অনেক বেশি। সিরিয়ার প্রায় দুই লাখ ৯৪ হাজার নাগরিক ইতিমধ্যে দেশ ছেড়ে প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তাদের বেশির ভাগই বর্তমানে তুরস্ক, লেবানন ও জর্ডানের বিভিন্ন আশ্রয়শিবিরে অবস্থান করছে। এই বিপুলসংখ্যক মানুষের সাহায্যে ৪৯ কোটি মার্কিন ডলার সাহায্য চেয়েছে ইউএনএইচসিআর।এদিকে অব্যাহত রক্তপাত বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদকে নতুন করে জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন হিলারি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে অবশ্যই দেশটির সংঘাত থামাতে হবে। এএফপি ও বিবিসি।