সিরিয়ায় এবার অসহযোগ আন্দোলনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর চাপ বাড়াতে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সিরীয় বিক্ষোভকারীরা।স্থানীয় মানবাধিকারকর্মীরা জানান, গত সপ্তাহে দেশটিতে বিক্ষোভকারীদের ওপর সরকারি নিরাপত্তা বাহিনীর হামলায় কমপক্ষে ১০০ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের হিসাব মতে, গত মার্চে বিক্ষোভ শুরুর পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত অন্তত চার হাজার বিক্ষোভকারী নিহত হয়েছে।তবে পশ্চিমা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ জাতিসংঘের ওই হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিক্ষোভকারীদের ওপর হামলার নির্দেশ দেননি বলে দাবি করেছেন। তিনি বলেন, কোনো ‘উন্মাদই’ কেবল এটা করতে পারে।তবে ওয়াশিংটন বলেছে, আসাদের মন্তব্য থেকে মনে হয়েছে তিনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, আর তা না হলে তিনি নিজেই ‘উন্মাদ’। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে আরব দেশগুলো এবং তুরস্ক।কিন্তু এত সব চাপ ও সমালোচনা সত্ত্বেও আসাদ দমন-পীড়ন অব্যাহত রেখেছেন। স্থানীয় সমন্বয়কারী কমিটির (এলসিসি) কর্মীরা গতকাল জানান, আসাদের বাহিনী দামেস্ক ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিক্ষোকারীদের ওপর বোমা ও বেপরোয়া গুলিবর্ষণ করেছে।এলসিসি প্রেসিডেন্ট আসাদকে হটাতে আন্দোলন-বিক্ষোভের আয়োজন করছে। তারা এবার ডাক দিয়েছে অসহযোগ আন্দোলনের।এলসিসি গতকাল এক বিবৃতিতে জানায়, ‘এই আন্দোলন দ্রুত বাড়তে থাকবে, ছড়িয়ে পড়বে ঘরে ঘরে। যারা নিজের দেশে স্বস্তিতে ও সম্মানের সঙ্গে বাস করতে চায়, তারা এ আন্দোলনে যোগ দেবে।’সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন আগামী রোববার থেকে এই অসহযোগ আন্দোলন শুরু হবে। এদিন কর্মস্থলে যোগ দিয়ে কোনো কাজ না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে এলসিসি। একই সঙ্গে দোকানপাট, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখারও আহ্বান জানানো হয়েছে।এদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দেশটিতে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন ও নির্যাতন চলছেই। তুরস্কের সীমান্তবর্তী ইদলিব প্রদেশের সারাকাব শহরে গত বুধবার সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনী ছেড়ে আসা সদস্যদের সংঘর্ষ হয়েছে। সংস্থাটি জানায়, সারাকাব শহরের বাড়ি বাড়ি তল্লাশি চালায় সেনাবাহিনী এবং তিন বিদ্রোহী যোদ্ধাকে গ্রেপ্তার করে। এ ছাড়া সেখানকার আল-রামি গ্রামে সেনাবাহিনীর ৫০টি গাড়ির একটি সাঁজোয়াবহরেও হামলা হয়েছে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরও জানায়, সারাকাবের কাছে গুলিতে ১৬ বছরের একটি মেয়ে নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১৬ জন। এ ছাড়া হোমস প্রদেশের আল-হুলা এলাকায় আহত হওয়ার পর চিকিৎসার অভাবে মারা গেছেন দুই নারী। এএফপি।