সিরিয়ায় কফি আনান প্রস্তাবিত অস্ত্রবিরতি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় টানা ১৩ মাসের রক্তপাত বন্ধে জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত কফি আনানের প্রস্তাবিত অস্ত্রবিরতি গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। মানবাধিকারকর্মীরা জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত। তবে সরকার তা কত দিন বজায় রাখে, এ নিয়ে সংশয় প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো।সিরিয়া বলেছে, অস্ত্রবিরতি তারা মেনে চলবে ঠিকই, তবে হামলা হলে পাল্টা জবাব দেবে। যুক্তরাষ্ট্র আগেই বলেছে, প্রতিশ্রুতি বাস্তবায়নে সিরীয় সরকার তেমন নির্ভরযোগ্য নয়। সিরিয়ার প্রধান সশস্ত্র বিদ্রোহী গ্রুপ ঘোষণা দিয়েছে, সরকারের সেনারা তাদের ওপর হামলা চালালে তারাও জবাব দেবে। এ ছাড়া অস্ত্রবিরতির সুযোগ কাজে লাগিয়ে দেশজুড়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা। কফি আনানের মুখপাত্র আহমেদ ফাওজি জানান, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কফি আনানকে লিখিত আশ্বাস দেওয়া হয়েছে, সরকারি সেনারা দেশের সব এলাকায় অস্ত্রবিরতির আওতায় সংঘাত থেকে বিরত থাকবে। তবে একই সঙ্গে এ-ও বলা হয়েছে, ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’র দ্বারা আক্রান্ত হলে সরকার তার জবাব দেওয়ার অধিকার রাখে।মানবাধিকারকর্মীরা জানান, অস্ত্রবিরতির আওতায় আপাতত রক্তপাত প্রায় বন্ধ থাকলেও জনবহুল শহরগুলো থেকে সরকারি সেনা প্রত্যাহার করে নেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের চেয়ারম্যান রামি আবদেল রহমান বলেন, সিরিয়ার সব এলাকা বর্তমানে শান্ত। তবে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পরও গতকাল সকালে দামেস্কের উপকণ্ঠে জাবাদানি এলাকাসহ দু-একটি এলাকায় ‘বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে।দামেস্ক, হামা ও দারা এলাকার মানবাধিকারকর্মীরা জানান, অস্ত্রবিরতির পর এসব এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে গণমাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণ থাকায় এসব খবরের সত্যতা যাচাই করা যায়নি।এদিকে সিরিয়ার পক্ষ থেকে দেওয়া চিঠিতে জুড়ে দেওয়া শর্তকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সুসান রিক। তিনি বলেন, সহিংসতায় ইতি টানার দায়িত্ব সিরীয় সরকারের। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর করা হয়ে থাকলে তাঁরা সেখানে জাতিসংঘের মাধ্যমে জরুরি ভিত্তিতে পর্যবেক্ষক পাঠানোর স্বার্থে কাজ করবেন। দেশটি যাতে নতুন করে সংঘাতের দিকে না এগোতে পারে, তা দেখভাল করতেই পর্যবেক্ষক পাঠানো হবে। নিজেদের মধ্যে ফোনালাপ শেষে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, কফি আনানের মধ্যস্থতায় আলোচনার সময় যেসব শর্ত মানতে সিরীয় সরকার রাজি হয়েছিল, এর বাস্তবায়ন নিয়ে তাঁরা উভয়েই উদ্বিগ্ন। রাশিয়া ও চীন অস্ত্রবিরতির ঘটনাকে স্বাগত জানিয়েছে। তবে তারা বলেছে, বিদ্রোহীদের পক্ষ থেকেও সুস্পষ্ট জবাব দিতে হবে। এএফপি ও বিবিসি।