সিরিয়ায় গণগ্রেপ্তার, গুলিতে নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা শহরে গত বুধবার বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলির ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এদিকে, দারা ও রাজধানী দামেস্কসহ বিভিন্ন শহরে গণগ্রেপ্তার অভিযান চলছে বলে জানায় মানবাধিকার সংস্থাগুলো।বিক্ষোভকারী ও এলাকাবাসী জানায়, দারার ওমারি মসজিদে গত মঙ্গলবার রাতে জড়ো হয় শত শত বিক্ষোভকারী। বুধবার সকালের দিকে সেখানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর দিনভর গুলি চলতে থাকে।এক বিক্ষোভকারী জানায়, মসজিদে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক নারী, এক শিশু ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ নয়জন মারা যায়। এরপর বিকেলের একটি অন্ত্যেষ্টিযাত্রায় হামলায় মারা যায় আরও ছয়জন। দারা শহরে এ নিয়ে গত এক সপ্তাহে ২১ জন নিহত হলো।গতকাল বৃহস্পতিবার নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার পর দারা শহরে বিক্ষোভ করে প্রায় ২০ হাজার মানুষ। এ সময় তারা ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’ বলে স্লোগান দেয়।প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার দারার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে বিশ্লেষকেরা বলছেন, বিক্ষোভ-আন্দোলন ধীরে ধীরে আরও সহিংস হয়ে উঠছে। অধিকতর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন শহরে বিক্ষোভ করছে মানুষ। আসাদের বাথ পার্টি ৪০ বছর ধরে একটানা দেশ শাসন করছে।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সিরিয়ার দামেস্ক, আলেয়াপ্পো, বেনিয়াস, দারা, হামা, হোমস ও অন্যান্য শহরে বিক্ষোভকারীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এ পর্যন্ত ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সংস্থাটি। তবে সংস্থার এক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি। এএফপি ও রয়টার্স।