সিরিয়ায় গণহত্যার আলামত পেয়েছে পর্যবেক্ষক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের পর্যবেক্ষক দল গত শুক্রবার সিরিয়ায় গণহত্যার আলামত পেয়েছে। বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা কয়েকটি দেশ।এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে শিশু ও নারীসহ কমপক্ষে ২৩ জনকে হত্যা করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অভিযোগ করেছে, সিরিয়ার সেনাবাহিনী গতকাল শনিবার তাদের হত্যা করে।জাতিসংঘের পর্যবেক্ষক দল গত শুক্রবার হামা প্রদেশের আল কুবেইর গ্রাম পরিদর্শন করেন। ২০ জনের ওই পর্যবেক্ষক দল আল কুবেইর গ্রামে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার এক দিন পর সেখানে যাওয়ার অনুমতি পায়। পর্যবেক্ষক দলের মুখপাত্র মার্টিন নেসির্কি নিউইয়র্কে তাঁদের পর্যবেক্ষণের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, আল কুবেইর এলাকার কোনো কোনো বাড়ির ভেতরে দেয়াল ও মেঝেতে রক্তের দাগ রয়েছে। কোথাও কোথাও পোড়া মাংসের গন্ধও পাওয়া গেছে। নেসির্কি বলেন, ঘটনাস্থলে সশস্ত্র যান চলাচলের চিহ্ন রয়েছে। কিছু বাড়ি রকেট ও গ্রেনেড হামলায় বিধ্বস্ত হয়েছে।জাতিসংঘের পর্যবেক্ষক দলের সঙ্গে ওই এলাকা পরিদর্শন করা বিবিসির সাংবাদিক পল দানাহার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে লিখেছেন, ‘একটি বাড়ির ভেতরে মানুষের মগজের অংশ চোখে পড়ে। তার একটু দূরে দেখা যায় জমাটবাঁধা রক্ত।’ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অভিযোগ করে, গত বুধবার ওই গ্রামে নৃশংস হত্যাযজ্ঞ চালায় সিরিয়ার সেনাবাহিনী। এতে প্রায় ১০০ জন নিহত হয়। তবে জাতিসংঘের কর্মকর্তারা নিহতের সংখ্যার ব্যাপারে নিশ্চিত হতে পারেননি। কিন্তু এটা নিশ্চিত হয়েছেন যে সরকারি সেনারা এই হত্যাযজ্ঞ চালিয়েছেন।জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, প্রাথমিক তথ্য-প্রমাণে এটা নিশ্চিত যে সেনাবাহিনী বর্বর এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা বেসামরিক জনগণকে নৃশংসভাবে হত্যা করেছে। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার বরাবরের মতো এই অভিযোগ অস্বীকার করে হত্যাকাণ্ডের জন্য ‘বিদেশি ষড়যন্ত্রকারীদের’ দায়ী করেছে।জাতিসংঘের একজন কূটনীতিক বলেন, সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স যত দ্রুত সম্ভব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করবে। তিনি বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব উত্থাপন করব।’সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের অভিযোগ, শনিবার সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে দেরা শহরে নয়জন নারী ও তিনজন শিশুসহ অন্তত ১৭ জনকে হত্যা করে। এতে অনেকে আহত হয়েছে। আহত কারও কারও অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া হোমস শহরে ছয়জনকে হত্যা করা হয়েছে।সিরিয়ায় গত বছরের মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, দেশটিতে সহিংসতায় এ পর্যন্ত সাড়ে ১৩ হাজার লোক প্রাণ হারিয়েছে। এএফপি।