সিরিয়ায় গুচ্ছবোমায় ১০ শিশু নিহত
সিরিয়ার পূর্বাঞ্চলে একটি খেলার মাঠে সরকারি বাহিনীর ছোড়া গুচ্ছবোমায় ১০ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন।বিরোধী কর্মীরা জানান, রাজধানী দামেস্কের পূর্বে দির আল-আসাফির গ্রামের একটি খেলার মাঠে মিগ যুদ্ধবিমান থেকে গুচ্ছবোমা ফেলা হয়। ওই সময় মাঠে শিশুরা খেলা করছিল।দামেস্কের আশপাশে সরকারি ও বিরোধী বাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই অব্যাহত রয়েছে। বিদ্রোহীরা উত্তরাঞ্চলীয় ইউফ্রেতিস নদীর কৌশলগত বাঁধ নিয়ন্ত্রণে নিয়েছে। এ ছাড়া দখলে নিয়েছে একটি বিমানঘাঁটির অংশবিশেষও।ভিডিওচিত্রে দেখা গেছে, হামলার পর মাঠে শিশুদের মরদেহগুলো পড়ে আছে। লাশের পাশে বিলাপ করছেন তাদের মা ও স্বজনেরা। আবু কাসেম নামের একজন কর্মী জানান, নিহত শিশুদের কেউই ১৫ বছরের ঊর্ধ্বে নয়। হামলার সময় বিদ্রোহীরা গ্রামের ভেতরে ছিল বলে যে অভিযোগ করা হয়েছে তা তিনি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ওই সময় বিদ্রোহীরা গ্রামের বাইরে ছিল।সিরীয় সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে গুরুতর অভিযোগ উঠেছে—সংঘাত যত এগিয়ে চলেছে, বিদ্রোহীদের ওপর তাদের গুচ্ছবোমার ব্যবহারও বাড়ছে। দামেস্ক বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।অপর একটি ভিডিওচিত্রে দেখা গেছে, ইউফ্রেতিস নদীর তিশ্রিন নামের ওই বাঁধটি নিয়ন্ত্রণে নেওয়ার পর বিদ্রোহীদের একটি দল রাতের আঁধারে সেনাবাহিনীর মতো টহল দিচ্ছে। বাঁধটি আলেপ্পো ও রাকা প্রদেশকে যুক্ত করেছে। ভিডিওচিত্রটির নিরপেক্ষতা যাচাই করা যায়নি। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউমান রাইটস বাঁধটি বিদ্রোহীদের দখলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।সিরিয়ার বিদ্রোহী জোটকে সমর্থন দেওয়ায় ফ্রান্সসহ অন্যান্য রাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, এটা অগ্রহণযোগ্য। ফ্রান্স সফরের উদ্দেশে গতকাল সোমবার মস্কো ত্যাগের প্রাক্কালে তিনি এ কথা বলেন। এএফপি, বিবিসি