সিরিয়ায় গুলিতে নিহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হোমস শহরের কেন্দ্রস্থলে গতকাল সোমবার গুলিতে ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এক বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এ কথা জানায়।ঘটনাস্থলে উপস্থিত এক কর্মীর উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায়, সোমবার সকালে হোমস শহরের বাবা আমরো এলাকায় ভারী মেশিনগান থেকে গুলি নিক্ষেপ করা হয়েছে। এতে ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠছে। গত তিন দিনের মধ্যে গতকাল সবচেয়ে বেশি গুলি নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংস্থাটি অবিলম্বে আরব লিগের পর্যবেক্ষকদের হোমস শহরে আসার আহ্বান জানিয়েছে। সম্প্রতি শহরটি প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সংস্থাটি বলছে, গুপ্তহত্যা বন্ধে পর্যবেক্ষকদলকে অবিলম্বে বাবা আমরো এলাকায় আসতে হবে। তাদের অবশ্যই সিরিয়ার জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, যাতে তারা আসাদ সরকারের অপরাধের প্রত্যক্ষদর্শী হতে পারে।একটি সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার পর্যবেক্ষকদলের সদস্যরা হোমস শহর পরিদর্শন করবেন।দেশটিতে চলমান সহিংসতা বন্ধে আরব লিগের পর্যবেক্ষকদলের নয় সদস্য গত বৃহস্পতিবার সিরিয়ায় পৌঁছান। কয়েক মাস ধরে সিরিয়ায় প্রায় প্রতিদিনই রক্তক্ষয়ী ঘটনা ঘটছে। নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট বাশারের শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে চেষ্টা চালিয়ে আসছে। এএফপি।