মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় সর্বাত্মক গৃহযুদ্ধের ভয়াবহতার বিষয়টি রাশিয়া ও চীন উপলব্ধি করতে পারছে। তবে ওবামা স্বীকার করেন, সিরিয়া সংকট সমাধানে পশ্চিমা পরিকল্পনার সঙ্গে রাশিয়া ও চীন একমত নয়। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের পরিকল্পনার সঙ্গে রাশিয়া ও চীন দ্বিমত পোষণ করেছে।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকের পর গত মঙ্গলবার ওবামা এসব কথা বলেন। মেক্সিকোর জি-২০ সম্মেলনে ওই দুই নেতার সঙ্গে সিরিয়া বিষয়ে আলোচনা করেন তিনি।ওবামা বলেন, সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন-সম্পর্কিত পরিকল্পনা উপস্থাপনের জন্য কাজ চলছে। দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত প্রস্তাব সিরিয়ার জনগণের সামনে উপস্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।পশ্চিমা দেশগুলো সিরিয়ায় গণহত্যা বন্ধ ও জাতিসংঘের বিশেষ দূত কফি আনানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পূর্ণাঙ্গভাবে কার্যকর না হওয়ায় প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার পক্ষপাতী। ওবামার সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, ‘অন্য কোনো দেশের রাষ্ট্রক্ষমতায় কার থাকা উচিত, কার থাকা উচিত নয়—এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাইরের কারও নেই।’ তবে ওবামা বলেন, তিনি দুই শীর্ষ নেতাকে জানিয়ে দিয়েছেন, ব্যাপকসংখ্যক নিরীহ বেসামরিক নাগরিককে হত্যার পর প্রেসিডেন্ট আসাদ আর ক্ষমতায় থাকতে পারেন না।সিরিয়ার সঙ্গে দুই দেশের সম্পর্কের বিষয়টির প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট ওবামা বলেন, সিরিয়ায় যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে কোনো অবস্থাতেই মস্কো ও বেইজিংয়ের স্বার্থ সংরক্ষিত হবে না।এদিকে সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষকেরা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন বলে একজন পশ্চিমা কূটনীতিক অভিযোগ করেছেন। সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রধান জেনারেল রবার্ট মুড তাঁকে জানিয়েছেন, কিছু গোষ্ঠী ও বন্দুকধারী ব্যক্তি পর্যবেক্ষকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত সপ্তাহে অন্তত ১০টি হামলার ঘটনার শিকার হন পর্যবেক্ষকেরা। এর পরই সাময়িকভাবে পর্যবেক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়।এদিকে গতকাল বুধবারও সিরিয়ার বিভিন্ন প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। লন্ডনভিত্তিক সিরিয়াবিষয়ক মানবাধিকার সংস্থা জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গতকাল অন্তত ২৮ জন সেনাসহ ৩৯ জন নিহত হয়েছে। বিবিসি, এএফপি।