সিরিয়ায় চার জেনারেলসহ নিহত ৩১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার দামেস্কের কাছে সরকারি একটি ভবনে গতকাল রোববার বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। এর মধ্যে চারজন জেনারেল রয়েছেন। দেশটির মানবাধিকার পর্যবেক্ষকদের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আগে থেকেই ওই ভবনের ভূগর্ভস্থ কামরায় বিস্ফোরক দ্রব্য রেখে দিয়েছিল। অর্থাত্ বিরোধীরা সরকারি ভবনের নিরাপত্তার বেষ্টনী ভেদ করতে সক্ষম হয়েছিল।

তবে রাষ্ট্রীয় গণমাধ্যম বা কোনো সরকারি কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

যুক্তরাজ্য-ভিত্তিক মানবাধিকার নেটওয়ার্ক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, হামলায় কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছে, তা পরিষ্কার নয়। হামলার সময় ওই ভবনে শুধু রাতের পালার কর্মীরা ছিলেন।