সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষকদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষক দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ওই দেশে সহিংসতা তীব্রতর হওয়ায় জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড গত শনিবার এ ঘোষণা দেন। এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়া সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে।শনিবার রবার্ট মুড এক বিবৃতিতে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতিসংঘ পর্যবেক্ষকেরা সিরিয়ার রাস্তায় আর টহল দেবেন না। একই সঙ্গে পর্যবেক্ষকদের বিভিন্ন দল যেসব এলাকায় দায়িত্ব পালন করছিল, তারা সেখানেই নিরাপদে অবস্থান করবে।রবার্ট মুড বলেন, গত ১০ দিনে সিরিয়ায় সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে। সিরিয়ার সরকার ও বিদ্রোহী—কেউই শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ দেখাচ্ছে না। প্রতিদিনই নিরপরাধ বেসামরিক নাগরিক নিহত হচ্ছে।পর্যবেক্ষণ কার্যক্রম স্থগিত হলেও সিরিয়া-সংকটের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে জাতিসংঘ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন জেনারেল রবার্ট মুড। তিনি বলেন, সহিংসতার কারণে পর্যবেক্ষকেরাও ঝুঁকিতে রয়েছেন।বিশ্লেষকেরা বলছেন, সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষকদের কার্যক্রম স্থগিত হয়ে গেলে দেশটিতে শান্তি ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে। বর্তমানে সেখানে জাতিসংঘের প্রায় ৩০০ পর্যবেক্ষক কাজ করছেন।সিরিয়ার সরকারবিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) জাতিসংঘ পর্যবেক্ষকদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করায় ‘বিস্ময়’ প্রকাশ করেছে। এক বিবৃতিতে এসএনসি বলেছে, ‘যখন সিরিয়ার সরকার দেশের সাধারণ মানুষের ওপর ভয়াবহতম নৃশংসতা চালাচ্ছে, তখন জাতিসংঘ পর্যবেক্ষক দলের কার্যক্রম স্থগিত করার ঘোষণায় আমরা বিস্মিত। অথচ পর্যবেক্ষকেরা বলছেন, সহিংসতার মাত্রা সাম্প্রতিক সময়ে তীব্রতর হয়েছে।’হোয়াইট হাউসের মুখপাত্র টমি ভিয়েটর কফি আনানের ছয় দফা শান্তি প্রস্তাব মেনে চলতে সিরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই সংকটময় পরিস্থিতিতে সিরিয়া সরকারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের মাধ্যমে অবরোধ আরোপসহ পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা আমাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছি।’ বিবিসি ও এএফপি।